পর্যবেক্ষক সংস্থা ইউপি নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থা উপকূল এলাকায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। তবে এসব পর্যবেক্ষক সংস্থার নির্বাচন কমিশনের নিবন্ধন থাকতে হবে। গতকাল রোববার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়।তথ্য বিবরণীতে আরও বলা হয়, নির্বাচনে বুথভিত্তিক সার্বক্ষণিক কোনো পর্যবেক্ষক নিয়োগ করা হবে না। তবে ভ্রাম্যমাণ পর্যবেক্ষকেরা কেন্দ্রে বা বুথে স্বল্প সময়ের জন্য অবস্থান করে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবেন। নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশি-বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব বরাবর ২৩ মার্চের মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রে মোট পর্যবেক্ষক ও দলের সংখ্যা উল্লেখ করতে হবে। বিদেশি পর্যবেক্ষকদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। স্থানীয় পর্যবেক্ষকদের EO-2 ও EO-3 ফরম পূরণ করে এসএসসি পাসের সনদের ফটোকপিসহ দুই কপি ছবি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে, ই-মেইলে [email protected] বা ফ্যাক্সে ৯১২৯৭৭৩ পাঠানো যাবে। আবেদন ফরম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (www.ecs.gov.bd) পাওয়া যাবে এবং ফটোকপি করে ব্যবহার করা যাবে।সাংবাদিকদের ২৩ মার্চ পরিচয়পত্র দেওয়া হবে: ভোট গ্রহণের দিন সংবাদ সংগ্রহ করার জন্য সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেবে নির্বাচন কমিশন। গতকাল তথ্য বিবরণীতে বলা হয়, ২৩ মার্চ থেকে ঢাকার সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এবং স্থানীয় সাংবাদিকদের সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে।