পর্যবেক্ষকেরা এবার সার্কে সক্রিয় হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কে যোগ দেওয়ার পাঁচ বছরের মাথায় এবার জোটে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন পর্যবেক্ষকেরা। দক্ষিণ এশিয়ার উন্নয়নের লক্ষ্যে ভুটানে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে তাদের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাব আসছে। যুক্তরাষ্ট্র ও চীনসহ পর্যবেক্ষক দেশ এবং জোটের যোগাযোগ ও বিদ্যুৎ অবকাঠামোর উন্নয়নে আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণাও আসছে। এসব সহযোগিতার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা প্রতিষ্ঠা ও কুনমিং থেকে ভুটানে সড়ক যোগাযোগ। ঢাকা ও থিম্পুর কূটনৈতিক সূত্রগুলো গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।জানা গেছে, পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে শুরুতে কয়েকটি দেশের অনীহা ছিল। কিন্তু গত কয়েক বছরে পর্যবেক্ষকদের দেওয়া প্রস্তাবগুলো এ অঞ্চলের উন্নয়নের জন্য ইতিবাচক বিবেচিত হওয়ায় এবার সহযোগিতা নেওয়া হচ্ছে।থিম্পুতে অনুষ্ঠেয় ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব করবেন সে দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী সং তাও। সম্মেলনে তিনি চীনের পক্ষ থেকে তিন লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দেবেন। এটি হবে সার্কে চীনের প্রথম সহযোগিতার ঘোষণা। কোন খাতে টাকা খরচ হওয়া উচিত, সে ব্যাপারে চীন আনুষ্ঠানিকভাবে জানাবে না। তবে সার্ক উন্নয়ন তহবিলের (এসডিএফ) মাধ্যমে ওই টাকা কাজে লাগাতে চায় চীন।কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, চীন আনুষ্ঠানিকভাবে সড়ক যোগাযোগের বিভিন্ন অবকাঠামোর উন্নয়নে সহযোগিতা দেওয়ার আগ্রহ দেখিয়েছে। এসডিএফের বিভিন্ন প্রকল্পে কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন। তাই ওই প্রকল্পগুলোতে চীন সহায়তা দিতে চায়। বিশেষ করে, কুনমিং থেকে তিব্বত হয়ে ভুটানের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ প্রতিষ্ঠায় দেশটি বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করছে বলে জানা গেছে।দক্ষিণ এশিয়ার বিদ্যুৎ-সংকট মেটাতে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে দক্ষিণ বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন সাহায্য সংস্থা (ইউএসএআইডি) প্রস্তাবটি দিয়েছে। ওই প্রস্তাবে বলা হয়েছে, ইসলামাবাদে স্থাপিত সার্ক জ্বালানি কেন্দ্রের মাধ্যমে ওই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শীর্ষ সম্মেলন শেষে প্রস্তাবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।অস্ট্রেলিয়া এ অঞ্চলের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এক মিলিয়ন অস্ট্রেলীয় ডলার দেবে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের সচিব সার্ক শীর্ষ সম্মেলনে আর্থিক সহায়তার ঘোষণা দেবেন।ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জাসহ গবাদি পশুর বিভিন্ন রোগ প্রতিরোধে সাড়ে চার মিলিয়ন ইউরো দিচ্ছে। ইইউর আর্থিক সাহায্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালে প্রকল্প বাস্তবায়িত হবে। নতুন অন্তর্ভুক্তি হচ্ছে না: ২০১১ সাল পর্যন্ত সার্কে নতুন কোনো দেশ, জোট সদস্য কিংবা পর্যবেক্ষক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না। ফলে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরান, মরিশাস, মিয়ানমার, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পর আপাতত কারও দক্ষিণ এশিয়া আঞ্চলিক শীর্ষ সংস্থায় যোগ দেওয়া হচ্ছে না। এ মুহূর্তে ইন্দোনেশিয়া ও রাশিয়া সার্কের পর্যবেক্ষকের আবেদন করে সম্মতির অপেক্ষায় আছে।সার্ক পুরস্কার: সদস্য দেশগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় এবারও সার্ক পুরস্কার দেওয়া হচ্ছে না। এবার চারটি দেশের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছিল ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম।