পর্যবেক্ষণ ও সমন্বয়ের অভাবে ফল প্রকাশ বিলম্বিত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব এবং সেশনজটের মূল কারণ হলো পর্যবেক্ষণ ও আন্তবিভাগীয় সমন্বয়ের অভাব। ফল প্রকাশে বিলম্বের কারণ চিহ্নিত করা এবং সেশনজট কমাতে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।প্রতিবেদনে পরীক্ষাসংক্রান্ত কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, অবিলম্বে এ কমিটি গঠন করা হবে এবং এ মাসের মধ্যে কাজ শুরু করবে। এটি কার্যকর হলে ফল প্রকাশে বিলম্ব ও সেশনজট কিছুটা হলেও কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশে বিলম্ব ও সেশনজট নিয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে ফল প্রকাশে দেরি হওয়ার কারণ চিহ্নিত করে এবং সেশনজট কমাতে করণীয়গুলো কী হতে পারে তা সুপারিশ আকারে দিতে বলা হয়। স্নাতকোত্তর শিক্ষা ও প্রশিক্ষণ গবেষণা কেন্দ্রের ডিন এম এম আবু রায়হানকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের ওই কমিটিকে ১০ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন দিতে না পেরে সময় বাড়িয়ে নেয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৭ মার্চ কমিটি তাদের প্রতিবেদন পেশ করে। পরদিন প্রতিবেদনটি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) তোফায়েল আহমেদের কাছে পাঠানো হয়। সহ-উপাচার্য পর্যালোচনা শেষে ২৯ মার্চ তা উপাচার্যের কাছে দেন।জানতে চাইলে তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, প্রতিবেদনে একটি পর্যবেক্ষণ কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই ওই কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আহ্বায়ক এম এম আবু রায়হান বলেন, ফলাফল প্রকাশে বিলম্বের কারণ হিসেবে দুটি বিষয় চিহ্নিত করা গেছে। তা হলো পর্যবেক্ষণের অভাব এবং সমন্বয়হীনতা।সূত্র জানায়, কমিটি মূলত পত্রিকায় প্রকাশিত কয়েকটি সংবাদের ভিত্তিতে শুধু কয়েকটি পরীক্ষা নিয়ে কাজ করেছে। এ ক্ষেত্রে তারা দেখতে পায়, অনেক শিক্ষক পরীক্ষার খাতা দিতে দেরি করেন বলে ফল প্রকাশে দেরি হয়। তবে তার চেয়েও বড় কারণ পর্যবেক্ষণ ও সমন্বয়ের অভাব। পরীক্ষার খাতাগুলো কাকে, কখন দেওয়া হয়েছে, কত দিন ধরে কার কাছে কতটি খাতা আটকে আছে, কেন আটকে আছে, বা শিক্ষকেরা খাতা জমা দেওয়ার পরও কেন ফল প্রকাশ হচ্ছে না ইত্যাদি বিষয় সেভাবে পর্যবেক্ষণ করা হয় না। ফলে ঢিমেতালে চলে ফল প্রকাশের কাজ।ফল প্রকাশে বিলম্ব সেশনজটের অন্যতম কারণ। এ ছাড়া আছে নির্ধারিত সময়ে পরীক্ষা নিতে না পারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর একটি বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন পাবলিক ও পিএসসির পরীক্ষাগুলোকে। ওইসব পরীক্ষার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় নিজেদের সুবিধামতো সময়ে রাষ্ট্রীয় ছাপাখানা বিজি প্রেসে প্রশ্ন ছাপাতে পারে না।