বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রতী বলেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে তাদের পর্যবেক্ষণ করা ভোটকেন্দ্রগুলোতে ভোট পড়ার হার গড়ে ৩৭ শতাংশ। ঢাকা শহরের কেন্দ্রগুলোতে গড়ে ২৬ শতাংশ ভোট পড়েছে বলে অনুমান করা হয়।
ব্রতীর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। গতকাল শুক্রবার সংস্থাটির সম্মেলনকক্ষে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন পড়ে শোনান ব্রতীর প্রধান নির্বাহী শারমীন মুরশিদ। তিনি বলেন, নির্বাচন প্রতিহতকারীদের ব্যাপক সহিংসতা সত্ত্বেও নির্বাচন বানচাল না হলেও দীর্ঘদিন শান্তিপূর্ণ ও উৎ সাহ-উদ্দীপনামূলক নির্বাচনের যে সংস্কৃতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, এ নির্বাচনের মধ্য দিয়ে তা ম্লান হয়েছে।
অনুষ্ঠানে বলা হয়, ব্রতী তিন পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করেছে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে রয়েছে নির্বাচন-পূর্ব পরিবেশ ও ভোটারদের অবস্থান যাচাই এবং নির্বাচনের দিন পর্যবেক্ষণ। নির্বাচনের দিন ১৬টি আসনের ২৩৪টি কেন্দ্রে ভ্রাম্যমাণ পর্যবেক্ষণ করা হয়েছে। বাকিটা গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। তৃতীয় পর্যায়ে নির্বাচন-পরবর্তী পর্যবেক্ষণ চলছে।
প্রতিবেদনে বলা হয়, সারা দেশে ১৪৭টি আসনের নির্বাচনে ব্যাপক নির্বাচনবিরোধী সহিংসতা, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও আতঙ্কের মধ্য দিয়ে কম ভোটারের অংশগ্রহণে এ নির্বাচন হয়েছে। যে সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতে এ নির্বাচন আইনসিদ্ধ হলেও তা ছিল আগের তুলনায় নিম্নমানের। নির্বাচনে অংশগ্রহণকারীদের কম জনসংযোগ ও প্রস্তুতিহীনতা কম ভোটার উপস্থিতির কারণ বলে জানা যায়। অনেক কেন্দ্রে ভোটারদের তাঁর ভোট কোন কেন্দ্রে তা খুঁজে না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। প্রমাণিত হয়েছে, মূলধারার সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সর্বজন গ্রাহ্য হয় না।
নিরাপত্তার অভাবে নারী ও অমুসলিম ভোটারদের অংশগ্রহণ সর্বনিম্ন ছিল বলে প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, ভোট বর্জনকারীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট না দিতে হুমকি দিয়েছে। ঢাকায় জোরদার নিরাপত্তাব্যবস্থা থাকলেও ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক অনেক কম।
প্রতিবেদনে গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে বলা হয়, নির্বাচনের দিন নির্বাচন প্রতিহতকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে ১২ জেলায় ২১ জন নিহত হন। আহত ৫৮৭ জন। ৩২ জেলার ৪৪৫টি ভোটকেন্দ্রে সহিংসতা হয়েছে। একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও একজন আনসার সদস্যকে হত্যা করেছে নির্বাচন প্রতিহতকারীরা। নির্বাচনের আগের রাত ও নির্বাচনের দিন ১৫২টি স্কুলে অগ্নিসংযোগ করেন নির্বাচন প্রতিহতকারী ১৮-দলীয় জোটের কর্মীরা। এ ধরনের সহিংসতাপূর্ণ একটি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব দায়ী। নির্বাচন-পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত নয়জন নিহত ও ৮৪ জন আহত হন। হিন্দু সম্প্রদায়ের ৪২২টি ঘরবাড়ি, মন্দির, দোকানপাটে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ব্রতী বলেছে, ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে জাল ভোট ও কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীরা সবাই নির্বাচন বর্জন করেন। তবে কোনো অভিযোগেরই সুরাহা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারেনি (যেমন প্রার্থীদের সম্পত্তির তথ্য প্রকাশের ক্ষেত্রে)। তবে অনেক প্রতিকূলতার মধ্যে নির্বাচন পরিচালনা করতে পেরেছে। নির্বাচন কমিশন ও প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
প্রতিবেদনে নির্বাচন চলাকালীন সরকারের নির্বাহী ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকার প্রস্তাব করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রতীর উপপরিচালক রঘুনাথ রাহা ও আবদুল্লাহ আল হারুন।