পর্যবেক্ষণ নিয়ে ৩২ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ৩২ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে প্রদত্ত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে কিছু অপ্রাসঙ্গিক ও অনাকাঙ্ক্ষিত বিষয়ের অবতারণা করা হয়েছে। এতে একটি অনভিপ্রেত বিতর্কের সৃষ্টি হয়েছে। শুধু তা-ই নয়, বিচার বিভাগের সর্বোচ্চ অবস্থান থেকে আইনসম্মত, গণতান্ত্রিক সরকারকে প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। এতে আমরা আরও উদ্বিগ্ন।’

বিবৃতিদাতারা হলেন আ আ ম স আরেফিন সিদ্দিক, অনুপম সেন, মুনতাসীর মামুন, হারুন অর রশিদ, আবদুল মান্নান চৌধুরী, রামেন্দু মজুমদার, নিম চন্দ্র ভৌমিক, প্রাণ গোপাল দত্ত, সৈয়দ আনোয়ার হোসেন, আবেদ খান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, রাহাত খান, গোলাম সারওয়ার, আতাউর রহমান, শাহরিয়ার কবির, মোহাম্মদ জমির, ওয়ালিউর রহমান, দুর্গাদাস ভট্টাচার্য, আতিউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, হাশেম খান, রফিকুন্নবী, ফারুক, এম এ আলমগীর, নিসার হোসেন, মেসবাহ উদ্দিন আহমেদ, শফিকুর রহমান, ফরিদা ইয়াসমিন, মো. মনিরুজ্জামান, পান্না কায়সার ও গোলাম কুদ্দুছ।

বিবৃতিতে বলা হয়, রায়কে কেন্দ্র করে অত্যন্ত সুকৌশলে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে বিভাজন তৈরি করে একটি অচলাবস্থা সৃষ্টির অপপ্রয়াস লক্ষ করা যাচ্ছে। কোনো কোনো রাজনৈতিক মহল বিষয়টি নিয়ে অতি উৎসাহী তৎপরতায় লিপ্ত হয়েছে। এতে মনে হয় পরিকল্পিতভাবে দেশে একটি কৃত্রিম রাজনৈতিক সংকট সৃষ্টির অপচেষ্টা হচ্ছে। কেউ কেউ বিবৃতি দিয়ে অস্থিরতা সৃষ্টির এই অপপ্রয়াসকে প্রকারান্তরে ইন্ধন জোগাচ্ছেন। বিজ্ঞপ্তি।