পর্যবেক্ষণ সংস্থা নিয়ে বিএনপির আপত্তি
নির্বাচন পর্যবেক্ষণে নিয়োজিত বেশির ভাগ প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এ বিষয়ে গতকাল রোববার তারা নির্বাচন কমিশনে অভিযোগ জমা দিয়েছে। তবে নির্বাচন কমিশন বলেছে, বিএনপির অভিযোগ ভিত্তিহীন।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের সই করা অভিযোগপত্রে বলা হয়েছে, ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন ১৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে। এর মধ্যে চার-পাঁচটি ব্যতীত বাকিগুলোর যোগ্যতা ও দক্ষতা নিয়ে বিএনপির প্রশ্ন আছে। ঢাকা দক্ষিণ সিটিতে মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা নামে একটি প্রতিষ্ঠানের ৫০০ জন পর্যবেক্ষকের নামে পর্যবেক্ষণপত্র সরবরাহ করা হয়েছে। বিএনপি কমিশনের কাছে এই প্রতিষ্ঠানকে পর্যবেক্ষণ কাজ থেকে বিরত রাখার অনুরোধ জানিয়েছে।
তবে বিএনপির দৃষ্টিতে কোন কোন প্রতিষ্ঠান অযোগ্য, সে বিষয়ে একটি প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের নাম চিঠিতে উল্লেখ করা হয়নি।
অভিযোগ জমা দেওয়ার পর বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম সাংবাদিকদের বলেন, ‘মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা নামের এই প্রতিষ্ঠানের নাম আমরা কখনো শুনিনি। এরা কি পর্যবেক্ষণ করবে, নাকি অন্য কিছু করবে—এ নিয়ে সন্দেহ আছে।’
তবে নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) এস এম আসাদুজ্জামান রাতে প্রথম আলোকে বলেন, অভিযোগ ভিত্তিহীন। এই পরিমাণ পরিচয়পত্র কোনো প্রতিষ্ঠানের নামেই অনুমোদন করা হয়নি।