পর্যবেক্ষণ সাপেক্ষে আল্লামা শফীর বিরুদ্ধে করা রিটনিষ্পত্তি
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে আদালতে হাজির ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
৫ মে ঢাকা অবরোধ কর্মসূচিতে পল্টন এলাকায় পবিত্র কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শফীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে ৬ মে রিট আবেদনটি করেন এম আমিনুর রশিদ নামের একজন আইনজীবী। এর ওপর ৭ মে শুনানি হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত পর্যবেক্ষণ সাপেক্ষে রিট নিষ্পত্তি করেছেন। আদেশের অনুলিপি হাতে পেলে পর্যবেক্ষণ সম্পর্কে জানা যাবে বলে জানান তিনি।
এদিকে হেফাজতের কর্মসূচিকে ঘিরে ৫ ও ৬ মে রাজধানীতে সংঘটিত ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি আদালতে দাখিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে কী ঘটেছে, সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে তা তদন্তের নির্দেশনা চেয়ে ১৩ মে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ।