পর্যাপ্ত আমন চারা না পেয়ে বিপাকে কৃষক
রংপুরে বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে কৃষকদের বেশির ভাগ রোপা আমনখেত। এখন বন্যার পানি অনেকটাই নেমে গেছে। কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পরও পর্যাপ্ত চারা না পাওয়ায় নতুন করে আমন ধান লাগাতে পারছেন না কৃষকেরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর কার্যালয় সূত্র জানায়, অতি বর্ষণ ও বন্যায় রংপুরের আট উপজেলায় ১৩ হাজার ৮৩২ হেক্টর জমির রোপা আমনখেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে জেলায় ১ লাখ ২৬ হাজার ৩৫ জন কৃষক ক্ষতিগ্রস্ত হন। কৃষি বিভাগের পক্ষ থেকে ১ হাজার ২০ জন কৃষকের মাঝে আমন ধানের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এতে ১৩৮ হেক্টর জমিতে আমন চারা রোপণ সম্ভব হবে।
পীরগাছা উপজেলার কয়েকজন চাষি বলেন, খেত থেকে এখন বন্যার পানি সরে গেছে। এখনো আমন চারা রোপণের সময় আছে। কিন্তু দেখা দিয়েছে আমনের চারা সংকট। এমনকি চারা কিনতেও পাওয়া যাচ্ছে না।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জুলফিকার হায়দর বলেন, আপাতত সরকারি উদ্যোগে যশোর ও ঝিনাইদহ জেলা থেকে চারা এনে আগামী দু-এক দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের কাছে বিতরণ করা হবে। ক্ষতি পুষিয়ে নিতে চাষিদের তাঁদের জমিতে অন্যান্য ফসল চাষের পরামর্শ দেওয়া হয়েছে।