পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই
আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যায় প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। এতে উপকূলীয় আটটি জেলার বিভিন্ন এলাকা লন্ডভন্ড হয়ে যায়। সিডরে ক্ষতিগ্রস্ত এ রকম একটি জেলা পটুয়াখালী। সিডরে এ জেলার চার শতাধিক লোক মারা যায় এবং ১০ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সিডরের তিন বছর পরও এখানে প্রয়োজনীয়সংখ্যক ঘূর্ণিঝড়-আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়নি।জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে নিম্নচাপ সৃষ্টি হওয়ায় দেশের বিভিন্ন উপকূলীয় জেলার ওপর দিয়ে প্রতিবছরই ঘূর্ণিঝড় বয়ে যায়। ২০০৭ সালের ১৫ নভেম্বর সিডর এবং ২০০৯ সালের ২৫ এপ্রিল আইলা আঘাত হানে। এ ছাড়া গত কয়েক বছরে সাগরে নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়েছে। এসব কারণে পটুয়াখালীর উপকূলীয় এলাকার লোকজন আকাশে কালো মেঘ এবং সাগরে অস্বাভাবিক জোয়ার দেখলে আতঙ্কিত হয়ে পড়ে। জেলা ত্রাণ ও পূনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, সিডরে পটুয়াখালী জেলায় ৪৬৬ জনের প্রাণহানি ঘটে। নিখোঁজ হয় ২১১ জন। ১০ লাখ ৩৭ হাজার ৯৯৪ জন মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। খোঁজ নিয়ে আরও জানা গেছে, পটুয়াখালী জেলায় মাত্র ২০২টি ঘূর্ণিঝড়-আশ্রয়কেন্দ্র আছে। নির্মাণ করা হচ্ছে আরও ৮০টি। এর মধ্যে ২০০টি অনেক পুরোনো। বেশির ভাগই সংস্কার করা প্রয়োজন। এই ২৮২টি আশ্রয়কেন্দ্রে উপকূলীয় এলাকার ১০ লক্ষাধিক মানুষ দুর্যোগকালে আশ্রয় নিতে পারবে না। এসব আশ্রয়কেন্দ্রে সর্ব্বোচ্চ দুই লাখ মানুষ আশ্রয় নিতে পারবে। তাই আশ্রয়কেন্দ্র না থাকায় এখনো আট লক্ষাধিক মানুষ ঝুঁকিতে রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী স ম আবদুস সালাম জানান, সিডর-পরবর্তীকালে তাঁরা জাপান সরকারের সহায়তায় ১০টি ও প্রাথমিক উন্নয়ন কর্মসূচি-২-এর আওতায় ৭০টিসহ মোট ৮০টি স্কুল কাম ঘূর্ণিঝড়-আশ্রয়কেন্দ্র নির্মাণ করছেন। এসব আশ্রয়কেন্দ্রে সর্ব্বোচ্চ দুই লাখ ১৮ হাজার ৪০০ মানুষ আশ্রয় নিতে পারবে। বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক অভিযোগ করে বলেন, তাঁর ইউনিয়নের চরব্যারেট, চররায়সাহেব ও চরমিয়াজানে কোনো ঘূর্ণিঝড়-আশ্রয়কেন্দ্র নেই। এ কারণে ঘূর্ণিঝড়ের সময় পাঁচ সহস্রাধিক মানুষ ঝুঁকিতে থাকে। কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের ছোট ৫ নম্বর হাসনাপাড়া, চৌধুরীপাড়া, নাওয়াপাড়া, ধনজুপাড়া, ১১ নম্বর হাওলা এবং মুন্সীপাড়ার উত্তরাংশের এই সাত গ্রামে কোনো আশ্রয়কেন্দ্র নেই। এতে এসব গ্রামের মানুষ ঘূর্ণিঝড়ের সময় ঝুঁকির মধ্যে থাকে। আশ্রয়কেন্দ্র না থাকায় সিডরের সময় নাওয়াপাড়া গ্রামের শের আলী (৭০) পানিতে ভেসে মারা যায়। গলাচিপার চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামে এক হাজার ২০০ পরিবারের প্রায় সাড়ে তিন হাজার লোক বাস করলেও ওই এলাকায় কোনো আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়নি। গলাচিপা সদর ইউনিয়নের কূলেরচর, চরকারফারমা ও চর আগুনমুখা ইউনিয়নে দেড় হাজার মানুষ বাস করে। সাগরের খুব কাছে হওয়ার পরও এখানে কোনো ঘূর্ণিঝড়-আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়নি। পটুয়াখালী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অমল কৃষ্ণ মণ্ডল বলেন, মানুষের জীবন বাঁচানোর জন্য উপকূলীয় এলাকার প্রতিটি গ্রামে একটি করে ঘূর্ণিঝড়-আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। এ ব্যাপারে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।