পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে লন্ডভন্ড একটি বাড়ি। ছবিটি গতকাল দুপুরে বাঁশখালী প্রেমাশিয়া বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে লন্ডভন্ড একটি বাড়ি। ছবিটি গতকাল দুপুরে বাঁশখালী প্রেমাশিয়া বাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

‘ঝড় হয়েছে তিন দিন। আমাদের ঘরবাড়ি কিছু নেই। সামান্য কিছু চিড়া ছাড়া আর কিছু পাইনি। সবাই বলছে চাল, ডাল, টিন দেবে। কিন্তু কখন দেবে বুঝতে পারছি না। প্রায় না খেয়ে দিন কাটছে’—চট্টগ্রামের বাঁশখালীর খানখানাবাদের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলম গতকাল সোমবার সাংবাদিকদের কাছে যখন এ কথা বলেন, তখন তাঁর সঙ্গে একমত পোষণ করেন ঝড়ে ক্ষতিগ্রস্ত আরও কয়েকজন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী তখন দুর্গত এলাকা পরিদর্শন করছিলেন। মন্ত্রীর পিছু পিছু এই মানুষগুলো ছুটছিলেন ত্রাণের আশায়। তাঁদের অভিযোগ একটাই, ‘এখনো কিছুই পাইনি।’
বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়ন পুরোটা ক্ষতিগ্রস্ত হলেও এখনো দুর্গত মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে। গতকাল মন্ত্রীর সফর উপলক্ষে শ খানেক মানুষকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ ছাড়া মন্ত্রী নিজে ওই ইউনিয়নে ঝড়ে নিহত সাতজনের পরিবারের সদস্যদের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
গত রোববার থেকে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ছিদ্দিক বলে আসছেন, খানখানবাদের জন্য ১১ টন চাল এবং ১ লাখ টাকার চিড়া এসেছে। কিন্তু মাত্র এক শ পরিবারের মধ্যে গতকাল পর্যন্ত ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে এই ইউনিয়নের দুই থেকে আড়াই হাজার ঘর সম্পূর্ণ এবং অবশিষ্ট আরও সাড়ে তিন হাজার ঘর আংশিক বিধ্বস্ত হয় বলে প্রশাসন সূত্র জানা গেছে। এ ছাড়া রাস্তাঘাট, চিংড়িঘের এবং মাছ চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
গতকাল সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নজুড়ে পানি আর পানি। লোনা পানি ঢুকে পুকুর ও জলাশয়ের মিঠাপানির মাছ মরে ভাসছে। পাশাপাশি মরা গরু-ছাগলও ভাসছে। চুলা জ্বালাতেও পারছে না অনেক বাসিন্দা। ঘরে রান্না করার চাল-ডাল যা ছিল, তা-ও জলোচ্ছ্বাসে ভাসিয়ে নিয়ে গেছে।
৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইয়াসমিনের ঘরটি তলিয়ে গেছে। গতকাল ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন প্রেমাশিয়া বাজারের পাশের মাদ্রাসায়। তিনি বলেন, ‘১১টার দিকে যখন বাতাস এবং চারদিকে পানি চলে আসে, তখন বের হওয়ার চেষ্টা করি। দুই মেয়েকে নিয়ে বের হই কোমরসমান পানিতে। এর মধ্যে একটি ঘরের ছাল উড়ে এসে আমাদের গায়ের ওপর পড়ে। কোলে থাকা দুই বাচ্চা মুনতাহা (২), জান্নাতুলের (৩) সঙ্গে আমিও চাপা পড়ি। অনেকক্ষণ পর আমাকে উদ্ধার করে লোকজন। পরে দুই বাচ্চার লাশ পাওয়া যায় অনেক দূরে।’
ইয়াসমিন বলেন, ‘ঘর নিশ্চিহ্ন হয়ে গেছে। ভিটাতে এখনো পানি। চুলা জ্বালানোর অবস্থা নেই। এই তিন দিনে আমাকে কিছু চিড়া দেওয়া হয়েছে মাত্র।’
অবশ্য এর কিছুক্ষণ পর ইয়াসমিনের হাতে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী নগদ ৪০ হাজার টাকা তুলে দেন।
তিন দিনে ত্রাণ না পাওয়ার অভিযোগ ঝড়ে মেয়ে হারানো ইসমাইলেরও। শনিবার ঝড়ের সময় তাঁর মেয়ে জান্নাতুল মাওয়া (৩) পানিতে তলিয়ে যায়। পরে লাশ উদ্ধার করা হয়। ইসমাইল বলেন, ‘ঘরে যখন কোমর পানি, তখন বের হই। কিন্তু পানি বেড়ে যাওয়ায় মেয়েটিকে আর ধরে রাখতে পারেনি স্ত্রী।’ তিনি বলেন, মন্ত্রী ২০ হাজার টাকা দিলেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ছিদ্দিক বলেন, ‘আমাকে ১১ টন চাল বরাদ্দ দিয়েছে। কিন্তু তা এখনো ছাড়িয়ে এখানে আনতে পারিনি। এখন যে ১০০ জনকে চাল বিতরণ করা হচ্ছে, তা আমার কার্যালয়ে আগে থেকে রাস্তা মেরামতের জন্য ছিল। কাল (মঙ্গলবার) আশা করি চালগুলো এনে বিতরণ করা হবে।’
তবে পর্যাপ্ত ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা ৪০ দিনের কর্মসূচি নিয়েছি। বিধ্বস্ত ঘরবাড়ির জন্য টিন ও টাকা দেওয়া হবে। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের চালসহ অন্যান্য ত্রাণসামগ্রী পর্যায়ক্রমে দেওয়া হবে।’
ত্রাণমন্ত্রীর সঙ্গে দুর্গত এলাকা পরিদর্শনে ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।