পর্যাপ্ত নর্দমা নেই, পানি জমে ভাঙছে রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামান্য বৃষ্টিতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পানি জমে। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট খানাখন্দ, গর্ত আরও বড় হয়। বাড়ে দুর্ভোগ, ভোগান্তি। চলাচলের অনুপযোগী হওয়ায় গত আগস্ট মাসে সপ্তাহ খানেক ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দেন বাসমালিকেরা।গুরুত্বপূর্ণ ওই মহাসড়কে জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ, সড়কের দুই পাশে পানিনিষ্কাশনের জন্য পর্যাপ্ত নর্দমা নেই। যে কয়টি নর্দমা আছে, তা-ও ভরাট হয়ে গেছে। অনেক স্থানে নর্দমা ভরাট করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট ও স্থাপনা। রাস্তার পাশের আবাসিক বাসভবন ও শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা সরাসরি মহাসড়কে পানি ফেলছেন। মহাসড়কের গাজীপুর জেলা সদর, টঙ্গী ও শ্রীপুর উপজেলার বিভিন্ন অংশে সরেজমিনে এসব চিত্র দেখা গেছে।মহাসড়কের যে অংশগুলোতে পানি জমে: মহাসড়কের টঙ্গী বাজারে সেনাকল্যাণ ভবন, চেরাগ আলী পৌর ট্রাক টার্মিনাল, গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর, বোর্ডবাজার, বাসন সড়ক, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, উল্কা সিনেমা হল, সালনা বাজার, জাতীয় উদ্যান গেটের দক্ষিণ ও উত্তর, রাজেন্দ্রপুর চৌরাস্তা, হোতাপাড়া, ভবানীপুর বাজারের দক্ষিণ পাশ, বাঘের বাজার, মাওনা চৌরাস্তা, এমসি বাজার, নয়নপুর, জৈনা বাজার, কৃষি ব্যাংকের সামনের এলাকায় সামান্য বৃষ্টিতে জমে যায় পানি। এতে ওই সব স্থানে সড়কের বিটুমিন, খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। পানিতে ভরে যায় ওই সব গর্ত। এতে গত আগস্ট মাসে প্রায় প্রতিদিন ওই সব গর্তে কোনো না কোনো যানবাহন আটকে ছিল। পানিভর্তি গর্তের কারণে যানবাহন চলেছে খুব ঝুঁকিতে, ধীরে ধীরে। সৃষ্টি হয়েছিল দীর্ঘ যানজটের। পর্যাপ্ত নর্দমা নেই: মহাসড়কের সালনা, ভবানীপুর, বাঘের বাজার, মাওনা চৌরাস্তা নোমান টেক্সটাইলের সামনে থেকে কাজী তেলের পাম্প, মাওনা হাইওয়ে থানার সামনে থেকে মাওনা পল্লী বিদ্যুতের মোড় এলাকা, এমসিএ বাজার, নয়নপুর ও জৈনা বাজার এলাকায় নর্দমা নেই।ভরাট হয়ে গেছে নর্দমা: চেরাগ আলী ট্রাক টার্মিনাল, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, মাওনা চৌরাস্তা এলাকার অংশবিশেষ নর্দমাগুলো ভরাট হয়ে গেছে। এ সড়কের মাওনা চৌরাস্তা, চান্দনা চৌরাস্তার উত্তর ও দক্ষিণ পাশে, বোর্ডবাজার এলাকার মহাসড়কের পাশে কিছু ভবন মালিক, হোটেল মালিক ভবনগুলো থেকে তাঁদের বর্জ্যপানি মহাসড়কে ছেড়ে দিচ্ছেন। চান্দনা চৌরাস্তার চাল ব্যবসায়ী রুহিত ঘোষ বলেন, মহাসড়কের পাশের অননুমোদিত দোকানপাট সব ময়লা-আবর্জনা রাস্তা ও নর্দমায় ফেলে। এতে পানি নিষ্কাশিত হতে না পেরে দিনের পর দিন রাস্তাতেই পানি জমে থাকে।মহাসড়কের ভবন মালিকদের দাবি, তাঁরা ভবনের কোনো পানি মহাসড়কে ছাড়ছেন না। যাঁরা এ অভিযোগ করেন, তাঁরা মিথ্যা অভিযোগ করেন। বৃষ্টির পানিতে সড়কের এ অবস্থা হয়েছে, ভবনের পানিতে নয়।সদর উপজেলার বোর্ডবাজারে তৈরি পোশাক কারখানার কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, রাস্তার পানি ও ময়লা-আবর্জনা মাড়িয়ে চলা অনেক কষ্টসাধ্য। এসব এড়াতে মহাসড়কে ঝুঁকি নিয়ে হাঁটতে হয়।নর্দমা পরিষ্কার হয় না: চান্দনা চৌরাস্তার ব্যবসায়ী মানিক চন্দ্র ঘোষ বলেন, গত তিন বছরে সড়কের পাশের নর্দমাগুলো পরিষ্কার করা হয়নি। আবর্জনায় বাধাপ্রাপ্ত হয়ে নর্দমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে তা মহাসড়কে চলে আসে। এ ব্যাপারে সওজ বা পৌরসভাকে সজাগ হওয়া উচিত।এ ব্যাপারে গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, সড়কের নর্দমা পরিষ্কারের দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার পৌরসভা বা ইউনিয়ন পরিষদের। তবে শ্রীপুর পৌরসভার সহকারী প্রকৌশলী হারুন অর রশীদ বলছেন, ‘মহাসড়কের নর্দমাগুলো সওজের। এটি পরিচ্ছন্ন রাখার দায়িত্ব তাদের। তবে জনদুর্ভোগের কথা ভেবে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরাও নর্দমা সংস্কার করে থাকেন।’যোগাযোগ করা হলে শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুর রউফ বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জলাবদ্ধতার ব্যাপারে আমরা আগেই সতর্ক করেছিলাম। কিন্তু গাজীপুরের ব্যাপারে কেউ তা কানে তোলেননি। সতর্ক হলে আগস্টের জলাবদ্ধতা হতো না।’ তিনি বলেন, ‘এ সড়ক চার লেনে উন্নীতকরণের যে কাজ শুরু হয়েছে, তাতে সতর্ক হতে হবে। রাস্তার পাশে পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না করে নতুন সড়ক করলে সামনে আরেকটি জলাবদ্ধ আগস্ট অপেক্ষা করছে।’এ ব্যাপারে গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী সফিকুল আলম প্রথম আলোকে বলেন, রাস্তার পাশের নর্দমাগুলো বানানো হয়েছিল মহাসড়কের পানি নেমে যাওয়ার জন্য। বাসাবাড়ি, শিল্পকারখানার জন্য নয়। কিন্তু বর্তমানে অনেক বাসাবাড়ি ও শিল্পকারখানার মালিকেরা তাঁদের পানি, বর্জ্য রাস্তায় ফেলছেন এবং সওজের নর্দমা ব্যবহার করছেন। সফিকুল বলেন, ‘আমার জানামতে চার লেন প্রকল্পে প্রয়োজনীয় স্থানে পানিনিষ্কাশনের ব্যবস্থা থাকার কথা। কিন্তু এ জন্য সড়ক ব্যবস্থাপনায় জনসচেতনতা ও জনঅংশগ্রহণ জরুরি।’