দুদিনের বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়েছে বরিশাল নগর। গতকাল শুক্রবারও পানির নিচে ছিল অধিকাংশ এলাকা।
নগরবাসীর অভিযোগ, পর্যাপ্ত নালা নেই। তার ওপর যেগুলো আছে, সেগুলো অপরিচ্ছন্ন। নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় না। তা ছাড়া, নগরের খালগুলো ভরাট করে ছোট ছোট নালা নির্মাণ করায়ও এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখনই যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ভয়াবহ আকার ধারণ করবে।
গতকাল সরেজমিন দেখা গেছে, নগরের কিছু কিছু সড়কের পানি নেমে গেলেও অধিকাংশ বাড়ির পানি নামেনি। অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। রাস্তার পানি কমার পর এখন সেখানে ময়লা-আবর্জনার স্তূপ।
কালিবাড়ী রোড, বিএম স্কুল রোড, বগুড়া রোড, মুন্সি গ্যারেজ, বাংলাদেশ ব্যাংক, গোরস্থান রোড, দ্বীনবন্ধু সেন সড়ক, অক্সফোর্ড মিশন রোড, শীতলাখোলা, বটতলা, নবগ্রাম রোড, মনসুর কোয়ার্টার, সার্কুলার রোড, শ্রীনাথ চ্যাটার্জি রোড, আমানতগঞ্জ, পলাশপুর, কাউনিয়াসহ আরও অনেক এলাকায় এখনো হাঁটুপানি। সেখানে মাছ ধরছে কিশোর-যুবকেরা।
নবগ্রাম সড়কের আমজাদ আলী বলেন, ‘বৃহস্পতিবার ভোররাত থেকে হাঁটুপানির নিচে আছি। দুপুর (শুক্রবার) পর্যন্ত পানি কমেনি।’ তিনি বলেন, পর্যাপ্ত নালা না থাকায় ও নালাগুলো পরিচ্ছন্ন না করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা মো. রাসেল হাওলাদার জানান, দুদিন ধরে তাঁরা পানিবন্দী। বাড়ির নিচতলার ভাড়াটেরা গতকাল বাসা ছেড়ে চলে গেছেন।
জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, নালা নির্মাণের সময় আউটলেট (পানি নিষ্কাশনের গন্তব্য) ঠিক করা হয়নি। তা ছাড়া, নালা নির্মাণের সময় ভেতরের কাঠ-বাঁশ ও ময়লা আবর্জনা বের না করায় পানি সরতে পারছে না।
তবে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোতালেব হাওলাদার বলেন, আউটলেট ঠিক রেখেই নালা নির্মাণ করা হয়েছে। অতিবর্ষণের কারণে পানি জমেছে। আর নালার ভেতরের কাঠ-বাঁশ গত বছর উঠিয়ে ফেলা হয়েছে। তবে এ বছর নালা পরিচ্ছন্ন করা হয়নি।
যোগাযোগ করলে মেয়র আহসান হাবিব কামাল বলেন, পানি অপসারণে নগরে কিছু প্রতিবন্ধকতা আছে। এ ব্যাপারে বৃহস্পতিবার জরুরি বৈঠক করে সেগুলো চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ ও নালা দখলের কারণে জলাবদ্ধতা হচ্ছে। পানি অপসারণ ব্যবস্থা ত্বরান্বিত করতে বেশ কয়েকটি স্থানে ক্রস ড্রেন নির্মাণ করা হবে।