পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় মগবাজার-মৌচাক উড়ালসড়কে গার্ডার পড়ে দুর্ঘটনা ঘটেছিল। ভবিষ্যতে এ ধরনের কাজে নিরাপত্তা জোরদার করতেই হবে। নইলে দুর্ঘটনা আরও ঘটতে থাকবে।
উড়ালসড়ক দুর্ঘটনার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার জন্য সরাসরি কাউকে দায়ী না করে শুধু ‘সতর্ক’ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঠিকাদার কোম্পানির দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। তা ছাড়া এ বিষয়ে পরামর্শক কোম্পানি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্টদেরও দায় রয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের কাজে নিরাপত্তা জোরদার করার জন্য যেহেতু ঠিকাদারেরই প্রধান দায়িত্ব, তাই ভবিষ্যতে এ ধরনের কাজ পূর্ণ সতর্কতায় সম্পাদন করতে হবে।
১২ মার্চ রাত পৌনে দুইটায় মালিবাগে এই উড়ালসড়কের একটি গার্ডার (কলামের ওপর থাকা ওপরের ভার বহনকারী রড ও সিমেন্টের কাঠামো) তোলার সময় পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে এবং একজন শ্রমিক মারা যান। আহত হন এলজিইডির সহকারী প্রকৌশলী পলাশ বরণ ধর ও একজন গাড়িচালক নূরনবী। দুজনেরই পা কেটে ফেলতে হয়। ১৩ মার্চ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দুর্ঘটনা তদন্তে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করে। কমিটি প্রধান প্রকৌশলীর কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদন বিষয়ে জানতে গতকাল সোমবার এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারীর মুঠোফোনে বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে তাঁকে খুদে বার্তা পাঠানো হয়। কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি।
নয় পৃষ্ঠার প্রতিবেদনে দুর্ঘটনার কারণ ও সুপারিশ ছাড়াও ভবিষ্যতে করণীয়, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দুর্ঘটনাস্থলের পরিবেশগত দিক ইত্যাদি তুলে ধরা হয়। উড়ালসড়কের ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রথম আলোকে বলেন, এ ধরনের দুর্ঘটনা না ঘটার বিষয়ে ঠিকাদারের দায়িত্ব সবচেয়ে বেশি, এটা স্বাভাবিক। তবে দুর্ঘটনায় লোকসানও বেশি হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানেরই। তিনি দাবি করেন, ১২ মার্চ গভীর রাতে ঘটে যাওয়া দুর্ঘটনাটি নিরাপত্তাজনিত কারণে ঘটেনি। কারণ, ৯৮ টনের গার্ডারটি ওঠানোর আগে যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।
প্রতিবেদনে সুপারিশ করা হয়েছে, যে ব্যক্তি মারা গেছেন এবং যাঁরা আহত হয়েছেন, তাঁদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। তদন্ত কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ঘটেছে, এটা বোঝাই যায়। ওই সদস্য বলেন, এ ধরনের গার্ডার তোলার ক্ষেত্রে যেন সতর্কতা অবলম্বন করা হয়, সেদিকে জোর দেওয়ার কথা বলা হয়েছে। বলা হয়েছে পূর্ণ নিরাপত্তা নিয়ে কাজ চালিয়ে যেতে।
প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের সময় প্রত্যক্ষদর্শীদের খুঁজে বের করতে সমস্যা হয়েছে। তবে একজন দোকানি, ট্রাকচালকসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এটাও বলা হয়েছে, নির্মাণস্থলটি খুব সংকীর্ণ এলাকা। প্রচুর লোক এই পথে যাতায়াত করে। দিনের বেলায়ও এ ধরনের ঘটনা ঘটে যেতে পারে। তাই নিরাপত্তাব্যবস্থা এবং সতর্কতা খুবই জরুরি। এসব জায়গায় কাজ করা প্রকৃতপক্ষেই খুব কঠিন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন দুর্ঘটনার পর ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছিলেন, নিহত ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে গতকাল সন্ধ্যায় মেয়র সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত তিনি হাতে পাননি। তিনি বলেন, মন্ত্রিসভার বৈঠক থাকায় স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষ থেকে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। মন্ত্রীর পক্ষ থেকেই নিহত ও আহত ব্যক্তিদের আর্থিক সহায়তা এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থার কথা বলেছিলেন।
তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক অবশ্য প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তি স্বপনের পরিবারকে সাত লাখ টাকা দেওয়া হয়েছে। স্বপন প্রকল্পে চুক্তিভিত্তিক শ্রমিক ছিলেন।