নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা না রাখার কারণেই রাজধানীর নিউ ইস্কাটনে নির্মাণাধীন উড়ালসড়কের নিচে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে এমনই তথ্য দিয়েছেন সেখানকার কর্মরত শ্রমিক ও স্থানীয় লোকজন। শ্রমিকের মৃত্যুর পর গতকাল থেকে নির্মাণকাজে সতর্কতা নেওয়া হয়েছে বলে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা গ্রুপের কর্মকর্তারা দাবি করেছেন। তবে গতকাল সরেজমিনে দেখা গেছে, উড়ালসড়কের যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই স্থান ছাড়া অন্য অংশে নির্মাণকাজ আগের মতোই চলছে।
গত বুধবার বেলা পৌনে ১২টার দিকে বাংলামোটর থেকে মগবাজারগামী উড়ালসড়কের ২৫১ নম্বর পিলারের কাছে মাথায় রডের আঘাতে ঘটনাস্থলেই মারা যান রাব্বি আহমেদ ওরফে ইমন (২৬)। উড়ালসড়কের মূল কাঠামো থেকে নিচে ফেলে দেওয়া ভারী রডের আঘাতে তাঁর মৃত্যু হয়। রাব্বি আহমেদ তমা গ্রুপের এলজি পাওয়ার প্যাক যন্ত্রের চালকের সহকারী ছিলেন। তাঁর বাবা কবির হোসেনও একই প্রতিষ্ঠানে চাকরি করেন।
নির্মাণশ্রমিকসহ স্থানীয় ব্যক্তিদের কয়েকজন বলেন, যে রডের আঘাতে রাব্বির মৃত্যু হয়েছে, সে রকম চারটি রড দিয়ে ৫০ টন ওজনের টুকরা অংশ (পিয়ার শিপমেন্ট) উড়ালসড়কের ওপরে তোলা হয়। ১৮ মিটার উঁচুতে এগুলো বসানোর কাজ শেষ হলে রডগুলো নিচে ফেলে দেওয়া হয়। তখন প্রতিটি রডের ওজন হয় প্রায় ৮০ কেজি।
স্থানীয় ব্যক্তিরা বলেন, বুধবার দুপুরে রাব্বিসহ তিনজন উড়ালসড়কের নিচ দিয়ে যাচ্ছিলেন। উড়ালসড়কের ওপরে কাজ করা শ্রমিকেরা হঠাৎ ওই ৮০ কেজি ওজনের রড নিচে ফেলে দেন। মাথায় রডের আঘাতে ঘটনাস্থলেই রাব্বি মারা যান।
গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উড়ালসড়কের ২৫০ নম্বর পিলার থেকে ২৫২ নম্বর পিলার পর্যন্ত এলাকায় সতর্কীকরণ নোটিশ লাগানো আছে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। নিচে ৮ থেকে ১০ জন শ্রমিক কাজ করছেন। দু-একজন ছাড়া সবার মাথায় হেলমেট। যে রকম রডের আঘাতে রাব্বি মারা গেছেন, সে রকম রড রশি দিয়ে বেঁধে ধীরে ধীরে নামানো হচ্ছে।
গতকালের এই ব্যবস্থা দেখে স্থানীয় কয়েকজন নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে বলেন, গতকাল (বুধবার) এমন ব্যবস্থা থাকলে রাব্বি মারা যেতেন না। তাঁরা বলেন, রাব্বির মৃত্যুর আগ পর্যন্ত অবাধে সবাই উড়ালসড়কের নিচ দিয়ে যাতায়াত করত, কোনো ধরনের সতর্কীকরণ ট্যাপ ছিল না। এখন রডগুলো রশি দিয়ে বেঁধে নামানো হচ্ছে। কিন্তু আগে ওপর থেকে হুট করে ছেড়ে দেওয়া হতো। এ সময় কয়েকজন চারপাশে দাঁড়িয়ে যানবাহন ও মানুষ চলাচল নিয়ন্ত্রণ করতেন। শ্রমিকদের মাথার হেলমেট দেখিয়ে তিনি বলেন, সবার মাথায় নতুন হেলমেট। কাল (বুধবার) পর্যন্ত কারও মাথায় হেলমেট ছিল না। ঘটনাস্থলে থাকা কয়েকজন শ্রমিকও একই তথ্য দেন।
উড়ালসড়কের যে স্থানে রাব্বির মৃত্যু হয়েছে, সেখানে নির্মাণকাজে কিছুটা সতর্কতা দেখা গেলেও উড়ালসড়কের অন্যান্য অংশে কাজ চলছে আগের মতোই। কোনো শ্রমিকের মাথায় হেলমেট নেই। গায়ে নিরাপত্তা জ্যাকেট এবং পায়ে জুতা নেই। ঘটনাস্থলের একটু দূরে ২৫৮ নম্বর পিলারের পাশে এক শ্রমিককে হেলমেট ছাড়া, খালি পায়ে শুধু একটা রডের ওপর দাঁড়িয়ে কাজ করতে দেখা গেছে। জরুরি নিরাপত্তা হিসেবে তাঁর কোমরে বাঁধা বেল্টও নেই।
শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ওই এলাকার দায়িত্বে থাকা তমা গ্রুপের মেকানিক্যাল ফোরম্যান আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সবার জন্যই হেলমেট আছে, কিন্তু অনেকেই হেলমেট পরেন না। জুতার বিষয়ে তিনি বলেন, মালিকপক্ষের কাছে প্রয়োজনীয় জুতা চাওয়া হয়েছে, দু-এক দিনের মধ্যেই জুতার ব্যবস্থা হবে।