পর্যাপ্ত পুলিশ না পাওয়ার অভিযোগ ডিসিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদা থাকা সত্ত্বেও অনেক সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পর্যাপ্ত পুলিশ পাওয়া যায় না বলে অভিযোগ করেছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। এ জন্য তাঁরা এই কাজের জন্য পুলিশের একজন উপপরিদর্শকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ সদস্যের একটি দলকে সার্বক্ষণিক প্রস্তুত রাখার প্রস্তাব করেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল চাওয়ামাত্র পুলিশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় এই প্রস্তাব ও প্রতিশ্রুতি দেওয়া হয়। একই দিনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ডিসিরা আবারও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখার দাবি জানান।

সম্মেলনের প্রথম দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দাবি জানিয়েছিলেন ডিসিরা। তবে বিষয়টি বিচারাধীন থাকায় এ ক্ষেত্রে সরাসরি কোনো প্রতিশ্রুতি পাননি তাঁরা। সম্প্রতি হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ওই রায় স্থগিত করেছেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বলেছে, ডিসিরা ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ৩৪৯টি প্রস্তাব দিলেও ৩২১টি প্রস্তাব নিয়ে আলোচনা ও তাৎক্ষণিক কিছু সিদ্ধান্ত হয়। এখন এগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ডিসিদের বাস্তবায়নের জন্য জানিয়ে দেওয়া হয়। বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ডিসিদের দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে সম্মেলন শেষ করেন।

সম্মেলনের শেষ দিনে দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনা হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ও মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবরা ডিসিদের দিকনির্দেশনা দেন। তাঁরা প্রশাসন ও পুলিশকে মিলে কাজ করার পরামর্শ দেন। ওই আলোচনাতেই ভ্রাম্যমাণ আদালতের প্রসঙ্গ ওঠে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পুলিশলাইনে সব সময় পুলিশ থাকে। পুলিশের মহাপরিদর্শকও বলে এসেছেন, পুলিশলাইনে চাওয়ামাত্রই তাঁরা (ডিসি) পুলিশ পাবেন। শুধু পুলিশই নয়, আনসারও থাকে, যখন যাকে চাওয়া হবে, তাকেই পাওয়া যাবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ডিসিদের আহ্বান জানিয়েছি, সবাই মিলে কাজ করবেন। যখনই নিরাপত্তা বাহিনীর কাছে বার্তা দেওয়া দরকার বা প্রয়োজন মনে করলে মিটিং করে কাজ করবেন।’

উল্লেখ্য, জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটিতে পুলিশ সুপারদের অনুপস্থিতিসহ সমন্বয়হীনতার অভিযোগ আছে।

আইন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনায় ভূমি-সংক্রান্ত তিনটি কার্যালয়ের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ডিসিদের পক্ষ থেকে সরকারি কৌঁসুলিদের (পিপি ও জিপি) জন্য আচরণ বিধিমালা করার প্রস্তাব করা হয়। ডিসিরা অভিযোগ করেন, সরকারপক্ষে জেলা জজ আদালতের আদেশের বিরুদ্ধে সিভিল রিভিশন বা আপিল করার জন্য সলিসিটর কার্যালয়ে রায় বা ডিক্রি জাবেদা নকল পাঠানো হলেও যথাসময়ে তা করা হয় না। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ তদবির সাপেক্ষে মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়। তাই ডিসিরা প্রস্তাব করেন, জেলা প্রশাসন থেকে কোনো মামলার রায় বা ডিক্রির বিরুদ্ধে আপিল প্রস্তাব পাঠালে সঙ্গে সঙ্গে যেন আপিলের উদ্যোগ নেওয়া হয়।

পরে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, সরকার স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পর্যায়ক্রমে স্বাধীন প্রসিকিউশন সার্ভিস করা হবে। সে জন্য যে নিয়োগ করা হবে, সে দায়িত্ব বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের হাতে দেওয়া যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা হচ্ছে। এ ছাড়া সরকারি কৌঁসুলিদের বেতন-ভাতা বাড়ানো হচ্ছে।

গতকাল ভূমি, মুক্তিযুদ্ধবিষয়ক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ধর্ম, সমাজকল্যাণ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত আলোচনাও হয়।