রাজশাহী নগরের সবচেয়ে ব্যস্ততম এলাকা সাহেব বাজারের প্রাণকেন্দ্রে আরডিএ (রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ) বিপণিবিতানের রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। পার্কিংয়ের জন্য নেই কোনো জায়গা। আর ভেতরে চলাচলের স্থান দখল করে দোকানের মালামাল রাখায় ক্রেতারা পড়ছেন দুর্ভোগে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে ভবিষ্যতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়বে।
আরডিএ থেকে জানা গেছে, ১৯৮৬-৮৭ সালের দিকে আরডিএ এখানে টিনশেড মার্কেট তৈরি করে। ২০০৪ সালের দিকে ওই জায়গায় আরডিএর পুনর্বাসিত ব্যবসায়ী সমিতিকে দিয়ে পর্যায়ক্রমে দোতলা ও তিনতলা মার্কেট নির্মাণ করা হয়। এর ওপরেই এখন চারতলা করা হচ্ছে। আর এর পেছনে ছয়তলা করে মার্কেট সম্প্রসারণ করা হয়েছে।
আগের টিনশেড মার্কেটের মাঝ দিয়ে গাড়ি পার্কিংয়ের পর্যাপ্ত জায়গা রাখা ছিল। এখন দুই হাজার দোকানের জন্য সামনের অল্প একটু অ্যাপ্রোচ সড়ক ছাড়া গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। এতে এই মার্কেটের সামনে সারা দিন অসহনীয় যানজট লেগে থাকে। এই ভবনের ভেতরে অগ্নিনির্বাপণের (ফায়ার সেফটি) কোনো ব্যবস্থাও রাখা হয়নি।
বিপণিবিতানের ঢুকে দেখা যায়, বেশির ভাগ দোকানের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে দোকানের বাইরেও। যা প্রায় দখল করে নিয়েছে বিপণিবিতানের ভেতরের রাস্তা। লোকজন চলাচল করতে ভোগান্তিতে পড়ছেন। মার্কেটের দ্বিতীয় তলায় ক্রোকারিজের দোকানগুলোতে এ অবস্থা আরও ভয়াবহ। দোকানগুলোর সামনে চলাচলের রাস্তা প্রায় বন্ধ। মার্কেটের অনেক জায়গায় বিদ্যুতের তার ঝুলে রয়েছে। এত বড় বিপণিবিতানের জন্য নেই খাওয়ার পানির কোনো ব্যবস্থা। এখানে আসা ক্রেতা-বিক্রেতাদের জন্য শৌচাগারের ব্যবস্থাও সুবিধাজনক নয়।
বিপণিবিতানে আসা একজন স্কুলশিক্ষিকা বলেন, ‘এই মার্কেটে আসতে ভয়ও লাগে, আবার না এসেও পারি না। এলেও মার্কেটের ভেতর ঢোকা যায় না। রাস্তাগুলোত জিনিসপত্র রাখায় সরু হয়ে যাওয়ায় চলাচল করতে গিয়ে বেশ অসুবিধায় পড়তে হয়। মেয়েদের চলাচলের জন্য এই মার্কেট একেবারেই অনুপযোগী।’
রাস্তা দখল করে জিনিসপত্র রাখার বিষয়ে দোকানিদের কাছে জানতে চাইলে কেউ কথা বলতে রাজি হননি। তবে তাঁদের সবার বক্তব্য, ‘সবাই এইভাবে রাখছে। তাই আমরাও রেখেছি।’
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে জানা গেছে, তাদের গাড়ি ঢোকার জন্য এর চারপাশ দিয়ে পরিমাণ মতো জায়গাও রাখা হয়নি। আরডিএ মার্কেটের পেছনে তাদের একটি গাড়ি কোনো রকমে ঢুকতে পারে। সাধারণত বড় দালানের জন্য ২০ থেকে ৩০ ফুট প্রশস্ত রাস্তা রাখা দরকার। এই মার্কেটের পাশের প্রায় ১৩-১৪ ফুট রাস্তা ছাড়া হয়েছে।
পুরাতন ভবনে কোনো পার্কিংয়ের জায়গা না রাখার ব্যাপারে এই নির্মাণকাজের জন্য আরডিএর দায়িত্বশীল প্রকৌশলী ও স্টেট অফিসার কামরুজ্জামান এর আগে প্রথম আলোকে বলেছিলেন, পরে যখন ভেঙে নতুন করে করা হবে তখন পার্কিংয়ের জায়গা করা হবে।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বজলুর রহমান বলেন, ‘মার্কেটের সবই অনিয়ম করে করা হয়েছে। যেখানে হাত দিচ্ছি, সেখানেই সমস্যা। সমাধান করার জন্য আমরা প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা গ্রহণ করছি।’