পর্যাপ্ত সড়কবাতি নেই। তাই অন্ধকারে থাকে সিলেট নগরের অনেক এলাকা। সন্ধ্যার পর পথ চলতে ভয় লাগে নগরবাসীর।
সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ সড়কবাতির অপর্যাপ্ততার কথা স্বীকার করে বলেছে, তারা সাধ্য অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করছে।
গত রোববার সন্ধ্যায় সরেজমিন দেখা যায়, নগরের অন্তত ৪০টি এলাকার অসংখ্য পাড়া-মহল্লায় সড়কবাতি নেই। এসব এলাকার মধ্যে রয়েছে সেনপাড়া, লামাবাজার, বিলপার, নবাব রোড, বাগবাড়ী, কালীবাড়ী, ঝরনারপাড়, ঝালোপাড়া, ভার্তখলা, সওদাগরটুলা, কাজীটোলা, লোহারপাড়, কুমারপাড়া, রায়নগর, দর্জিপাড়া, বালুচর, স্টেশন রোড, আখালিয়া, বনকলাপাড়া, শাপলাবাগ, কামালগড়, যতরপুর, উপশহর, মীরের ময়দান, ধোপাদিঘিরপাড়, লামাবাজার ও জেল রোড। এর মধ্যে লামাবাজার, সেনপাড়া, ঝালোপাড়া, বিলপার, কামালগড়, শাপলাবাগ ও রায়নগরের কিছু মহল্লা ও গলিতে সড়কবাতি লাগানোর মতো খুঁটিই নেই। রায়নগরের বাসিন্দা ব্যাংক কর্মকর্তা শাহরিয়ার আলম বলেন, ‘আমি সাধারণত রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে বাসায় ফিরি। কিন্তু অলিগলিতে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় পথ চলতে ভয় লাগে। মনে হয়, এই বুঝি ছিনতাইকারীরা এসে জাপটে ধরল!’
লামাবাজার এলাকায় কথা হয় রিকশাচালক রইছ মিয়ার সঙ্গে। তিনি জানান, সন্ধ্যার পর পাড়া-মহল্লায় রিকশা চালাতে তাঁর ভয় লাগে। প্রায়ই ছিনতাইকারীরা যাত্রীদের মুঠোফোন বা হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্র জানায়, সিলেট নগরের ২৭টি ওয়ার্ডে ২৫ হাজার সড়কবাতির চাহিদা রয়েছে। বিপরীতে বর্তমানে আছে ১৫ হাজার ৬০০টি। দু-তিন বছর আগে ছিল আরও কম, মাত্র ১১ হাজার। মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ জানান, পর্যাপ্ত সড়কবাতি না থাকায় সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
গত সপ্তাহে ইলেকট্রিক সাপ্লাই এলাকায় স্থানীয়দের অর্থায়নে ও পুলিশের উদ্যোগে আটটির মতো সড়কবাতি লাগানো হয়েছে বলে জানান রহমত উল্লাহ।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ‘এখনো অধিকাংশ পাড়া-মহল্লা সড়কবাতির অভাবে অন্ধকারে রয়েছে, এটা ঠিক। সিটি করপোরেশন কর্তৃপক্ষ সাধ্য অনুযায়ী সেই সমস্যা সমাধানে আন্তরিক চেষ্টা চালাচ্ছে।’