সুপ্রিম কোর্টে জমা দেওয়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) জরিপের তথ্য-উপাত্ত পর্যালোচনার জন্য চারজন বিচারপতিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ইতিমধ্যে ওই সব তথ্য-উপাত্ত পর্যালোচনা শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।গত ২৮ ডিসেম্বর টিআইবির সাম্প্রতিক আলোচিত এক জরিপের প্রতিবেদন ও বিস্তারিত তথ্য-উপাত্ত চেয়ে দুর্নীতির নজরদারি করা সংস্থাটিকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ২৯ ডিসেম্বর টিআইবি সুপ্রিম কোর্টকে প্রতিবেদন ও তথ্য পাঠায়।নাম প্রকাশ না করার শর্তে সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা প্রথম আলোকে বুধবার বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে চারজন বিচারপতির সমন্বয়ে ওই কমিটি গঠন করার কথা জানান।প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর প্রকাশিত টিআইবির সেবা খাতে দুর্নীতিবিষয়ক জাতীয় খানা জরিপ ২০১০-এর ফলাফলে দেখা যায়, বিচারপ্রার্থীদের মধ্যে ৮৮ শতাংশ মানুষকেই ঘুষ দিতে হয় এবং তাদের নানা অনিয়মের শিকার হতে হয়। মূলত আইনজীবী মহল এবং অংশত সরকারে এ জরিপের বক্তব্য তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তাদের পক্ষ থেকে এর ভিত্তি, প্রক্রিয়া ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।