পর্যায়ক্রমে দেশের সব থানা ভবনকে ধূমপানমুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, রমনা থানা ভবন ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব থানা ভবনকে ধূমপানমুক্ত করা হবে। গতকাল সোমবার রমনা মডেল থানা ভবন ধূমপানমুক্তকরণ কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রমনা মডেল থানা ভবনে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ তামাকবিরোধী জোট।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী প্রতিটি থানা ভবন ধূমপানমুক্ত হওয়ার কথা। নারীসহ কোনো মানুষই যেন থানায় এসে ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে আইন হয়েছে, কিন্তু আইনের প্রয়োগ হচ্ছে না। তরুণ প্রজন্মকে নেশামুক্ত করতে তামাক নিয়ন্ত্রণ করা অত্যন্ত প্রয়োজন। কেবল আইন দিয়ে নয়, সচেতনতার মাধ্যমে সবাইকে তামাক ও তামাকজাত দ্রব্য বর্জনে কার্যকর ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ আসাদুজ্জামান খান ও আসমা জেরীন, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ, পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক, বাংলাদেশ তামাকবিরোধী জোটের উপদেষ্টা আবু নাসের খান ও সম্পাদক সৈয়দ মাহবুবুল আলম।