পর্ষদ গঠন নিয়ে নতুন সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগরের গোদনাইলে অবস্থিত নিউ লক্ষ্মীনারায়ণ কটন মিলস নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে। ৩৫ কোটি টাকা পুঁজি বিনিয়োগের দাবিদার জয়নাল আবেদীন মোল্লাকে ২২ একর ৬৭ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত ৭০০ কোটি টাকা মূল্যের মিলটির মালিক বানানোর চেষ্টা চলছে বলে বৈধ শেয়ারহোল্ডাররা অভিযোগ করেছেন।
শেয়ারহোল্ডারদের অভিযোগ, জয়নাল আবেদীন মোল্লা ইতিমধ্যে শ্রমিকদের ৫০টি বসতঘর ছাড়া অন্য সব স্থাপনা ভেঙে মেশিনপত্র খুলে নিয়ে বিক্রি করে দিয়েছেন। ৫০টি ঘরে বসবাসকারী ৫০ জন শেয়ারহোল্ডারের পরিবার দুই বছর ধরে বিদ্যুৎহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। মিলের প্রধান প্রবেশপথ সন্ত্রাসী বাহিনী দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। শেয়ারহোল্ডারদের ওপর গত দুই বছরের সন্ত্রাসী বাহিনী বেশ কয়েকবার হামলা চালালেও প্রশাসন কার্যত কোনো ব্যবস্থা নেয়নি।
শেয়ারহোল্ডারদের রিটের পরিপ্রেক্ষিতে গত ২১ জানুয়ারি হাইকোর্ট নতুন পর্ষদ গঠনের জন্য নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক মিলের ৫১০ জন শেয়ারহোল্ডারকে না ডেকে ৫৩ জন শ্রমিক শেয়ারহোল্ডার ও জয়নাল আবেদীন মোল্লার পরিবারের সাতজনের নাম অন্তর্ভুক্ত করে আজ শনিবার সভা ডেকেছেন। জেলা প্রশাসকের এই তালিকাকে মনগড়া আখ্যায়িত করে লিখিতভাবে আপত্তি জানিয়েছে নিউ লক্ষ্মীনারায়ণ শেয়ারহোল্ডার রক্ষা সংগ্রাম কমিটি। ৯৩ জন শেয়ারহোল্ডারের নাম অন্তর্ভুক্তির দাবিতে গত বৃহস্পতিবার জেলা প্রশাসককে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাদা আল-আমিন কবির।
নিউ লক্ষ্মীনারায়ণ শেয়ারহোল্ডার রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেন জানান, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত মিলটি ১৯৭২ সালে বিটিএমসির নিয়ন্ত্রণে নেওয়া হয়। লাভজনক এই মিলটি ধীরে ধীরে রুগ্ণশিল্পে পরিণত হয়। ১৯৯৬ সালে মিলটি বন্ধ করে দেয় সরকার। কিন্তু শ্রমিক-কর্মচারীদের কল্যাণের স্বার্থে প্রজ্ঞাপন জারির মাধ্যমে ৫১০ জন শ্রমিক-কর্মচারীকে বিনা মূল্যে শতভাগ শেয়ার বিতরণ-প্রক্রিয়ার মাধ্যমে মিলটির স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা প্রদান করা হয়। সেই প্রজ্ঞাপন অনুসারে শেয়ারহোল্ডারদের সম্মতিতে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ননীগোপাল সাহা ও আবুল কাশেম মিলটি পরিচালনা করেন। ২০০৮ সালে নির্বাচন-প্রক্রিয়া স্বচ্ছ না হওয়ায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের মধ্যে বিরোধের সূচনা হয়।
২০১১ সালের ৫ মার্চ ১২ সদস্যের পর্ষদের এক সভায় জানানো হয়, নতুন পুঁজি বিনিয়োগকারী শেয়ারহোল্ডারদের এককালীন সম্মানী দিয়ে মিলটি পুরোদমে চালু করে লভ্যাংশ দেবেন। ২০১২ সালে ৩০০ শেয়ারহোল্ডারকে সম্মানী দেওয়ার কথা বলে পর্ষদ জনপ্রতি দুই লাখ পাঁচ হাজার টাকা দিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেয় এবং বিনিয়োগ বোর্ডে জমা দেওয়ার কথা বলে তাঁদের কাগজপত্র জমা নেয়। এরপর প্রচার করা হয় যে যাঁরা টাকা নিয়েছেন, তাঁরা তাঁদের শেয়ার নিট কর্নসানের মালিক জয়নাল আবেদীন মোল্লার কাছ বিক্রি করেছেন। অথচ মালিকানা ও শেয়ার হস্তান্তর চুক্তিপত্র অনুযায়ী, এসব শেয়ার কোম্পানির স্থায়ী শ্রমিক-কর্মচারী ব্যতীত অন্য কারও অনুকূলে বরাদ্দ বা হস্তান্তর করা যাবে না। ২০১৩ সালের ২৪ জুন রিট করা হলে হাইকোর্ট কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পত্তি কোনোভাবে হস্তান্তর করা যাবে না মর্মে নিষেধাজ্ঞা জারি করেন।
হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও জয়নাল আবেদীন মোল্লা মিলের সব মেশিনপত্র লুট করে নিয়ে গেছেন। সব স্থাপনা ভেঙে খুলে বিক্রি করে দিয়েছেন। এখন তিনি মিলে ৩৫ কোটি টাকা বিনিয়োগের কথা বলছেন।
জেলা প্রশাসকের বক্তব্যের জন্য গত দুই দিনে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
জয়নাল আবেদীন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুখপাত্র সুভাষ সাহা প্রথম আলোকে বলেন, জয়নাল আবেদীন মোল্লা বৈধভাবেই মিলের বেশিসংখ্যক শেয়ার কিনেছেন। যা কিছু করা হয়েছে, তা বৈধভাবে করা হয়েছে। কোনো কিছু অবৈধ হলে তা আদালত বিবেচনা করবেন।