পলকে পাঁচ ঘর নদীগর্ভে, ঝুঁকিতে আরও ৫০টি
নড়াইলের লোহাগড়া উপজেলার বড়দিয়া গ্রামের পাঁচটি বসতঘর গত মঙ্গলবার সন্ধ্যায় চোখের পলকে মধুমতী নদীর গর্ভে চলে গেছে।নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বড়দিয়া নৌবন্দরের বাজারের পাশের বাসিন্দা যূথিকা দাস (৬২) বলেন, ‘সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা। ঠাকুরঘরে পূজা দিয়ে কেবল বড় ঘরের বারান্দায় এসে দাঁড়াইছি। এমন সময় ধপাস করে শব্দ শুনে পেছন ফিরে চায়ে দেহি ঠাকুরঘর নাই। ঠাকুরঘরের সামনে বড় ঘর (শোবার ঘর) ছিল, তারও অর্ধেক মধুমতী নদীতি চলে গেছে। ভয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরোতি যায়ে দরজায় গুতো খেয়ে পড়ে হাত ভেঙে যায়। আতঙ্কে তহন আমার মতো অনেকেই ঘরবাড়ি ফেলে জীবন বাঁচাতি অন্য জাগায় আশ্রয় নেয়। দেখতি দেখতি ১০-১৫ মিনিটের মদ্দি আরও চারডে ঘর নদীতি চলে গেল। আমরা শুধু চায়ে চায়ে দেখলাম। কিছুই রক্ষা করতি পাল্লাম না।’গত বুধবার সরেজমিন জানা গেছে, মধুমতীর ভাঙনে মিনতি রায়, করুণাময় দাস, বীথিকা দাস, সাবিত্রী রায়ের ঘরসহ কয়েকটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। আরও ৫০টি পরিবারের বসতঘর ঝুঁকির মধ্যে রয়েছে।বড়দিয়া গ্রামের মানিক রায়ের স্ত্রী মিনতি রায় বলেন, ‘চোখের পলকে আমাগো দুটি ঘর নদীতে বিলীন হয়ে গেছে। মেয়ের বিয়ে অগ্রহায়ণ মাসে। বিয়ের জন্যি সবকিছু জোগাড় করা হয়েছিল। তা-ও নদীতি চলে গেছে। এহোন পরনের কাপড় ছাড়া কিছুই নেই।’ খুলনা সরকারি মহিলা কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্রী জুঁই রায় বলেন, ‘আমার বই-খাতা, শিক্ষাজীবনের প্রয়োজনীয় সনদপত্রসহ সবকিছুই নদীতে চলে গেছে। পরনের জামা ছাড়া কিছু নেই।’বিকাশ দাসের স্ত্রী বীথিকা দাস বলেন, ‘জীবনে বেঁচে গেছি। সব নদীতি চলে গেছে। এখন বাড়িঘর নেই, পথের ফকির।’স্থানীয় কোটাকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম বলেন, বড়দিয়া নৌবন্দর রক্ষায় সিসি ব্লকের কাজ করায় বাজারটি ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে। তখন পাউবোর কর্মকর্তাদের বাজারের পূর্ব পাশের আরও কিছু জায়গায় সিসি ব্লকের কাজ করার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁরা গুরুত্ব দেননি। এ বছর ঠিক সেই জায়গা ভাঙনের কবলে পড়েছে।লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. লুৎফর রহমান বলেন, বড়দিয়া নৌবন্দর রক্ষায় গত বছর এক কোটি ১৬ লাখ টাকার সিসি ব্লকের কাজ করা হয়েছে। বাজারের পূর্ব পাশের ভাঙন রোধে ২০০ মিটার সিসি ব্লকের কাজ করার জন্য দুই কোটি টাকার প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো আছে। বরাদ্দ পাওয়া গেলে জরুরি ভিত্তিতে কাজ করা যাবে।