পলাতক আসামি আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করতে পারেন: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি অভিযোগ করেছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে। দলটি বলেছে, পলাতক আসামি আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থন করতে পারেন।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, সম্ভাবনাময় তরুণ নেতা তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরাতে দীর্ঘদিনের নীলনকশার অংশ হিসেবে এই মামলার অভিযোগপত্র। এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল কাহার আকন্দ কিশোরগঞ্জ থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন চেয়েছিলেন। সরকারের মনোবাসনা পূরণ করতে এই কর্মকর্তা তারেক রহমানকে আসামি করেছেন।তারেক রহমান আত্মপক্ষ সমর্থন করতে চেয়েছিলেন কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, অবশ্যই চেয়েছিলেন; এ জন্য তিনি আইনজীবী নিয়োগ করেছিলেন। একজন সাংবাদিক বলেন, তাঁকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আসেননি। এর জবাবে মির্জা ফখরুল বলেন, তিনি তো আইনজীবী নিয়োগ করেছিলেন, কিন্তু তাঁকে সুযোগ দেওয়া হয়নি। সবকিছু তো আইনগত বিষয় নয়। এটা তো রাজনৈতিক ব্যাপার।আরেক সাংবাদিক প্রশ্ন করেন, পলাতক আসামি আইনজীবী নিয়োগ করে আত্মপক্ষ সমর্থন করতে পারেন কি না? জবাবে মির্জা ফখরুল বলেন, অবশ্যই পারেন। আর তারেক রহমান তো পলাতক নন। তিনি সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে বিদেশে আছেন। তিনি অসুস্থ। এ সময় বিএনপির সমর্থক আইনজীবী নেতারাও মির্জা ফখরুলকে সমর্থন করেন।কিন্তু তাঁকে তো পলাতক দেখানো হয়েছে—এর জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘তিনি মোটেই পলাতক নন। এটা তো সরকার বলছে। আপনারা (সাংবাদিক) সরকারের ভাষায় কথা বললে হবে কেন?’ তিনি বলেন, তারেকের বিরুদ্ধে এই মামলা প্রতিহিংসামূলক। সরকার রাজনীতিবিদ, সামরিক ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারেক রহমানকেও নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আদালতে মুফতি হান্নানের জবানবন্দি নিয়ে যা হয়েছে, তা সংবিধান ও আইনের পরিপন্থী।বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন অভিযোগ করেন, পুলিশকে ব্যবহার করে তারেক রহমানকে জড়ানো হয়েছে।কর্মসূচি: তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার প্রতিবাদে ২১ মার্চ ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। একই দিন সারা দেশেও অনুরূপ কর্মসূচি পালিত হবে। এ ছাড়া ২৩ মার্চ সকালে স্বেচ্ছাসেবক দল দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করবে।