পলাতক আসামি হামিদুল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার বহুল আলোচিত ভাগনে শরিফুল আলম হত্যাকাণ্ডের অন্যতম ভাড়াটে খুনি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিতে তালিকাভুক্ত সন্ত্রাসী হামিদুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২-এর বগুড়া ক্যাম্পের ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির সদস্যরা মঙ্গলবার রাত নয়টার দিকে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন।

হামিদুল ইসলাম বগুড়া শহরের চকফরিদ এলাকার বাসিন্দা।

২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় প্রোগ্রেস কোচিং সেন্টারের মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে মালিক মোস্তাফিজুর রহমানের ভাগনে শরিফুল আলমকে ছুরিকাহত করে হত্যা করা হয়। শহরের শীর্ষ সন্ত্রাসী রাফিদ আনাম ওরফে স্বর্গের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত হামিদুল ভাগনে শরিফুল হত্যাকাণ্ডে অংশ নেন।

র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার হামিদুল শহরের শীর্ষ সন্ত্রাসী। শরিফুল হত্যাকাণ্ড ছাড়াও মাদক পাচারের ৬টি মামলার আসামি তিনি। এর মধ্যে একটি মামলায় কারাদণ্ড হয়েছে তাঁর। পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে তাঁর বিরুদ্ধে। ২০১১ সালে শরিফুল হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা শরিফুল এত দিন ইয়াবা, ফেনসিডিলসহ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে বগুড়া সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘ক্রসফায়ারে’ নিহত শীর্ষ সন্ত্রাসী স্বর্গের ঘনিষ্ঠ সহযোগী
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি শহরের জলেশ্বরীতলা এলাকায় প্রোগ্রেস কোচিং সেন্টারের মালিকানা নিয়ে স্ত্রী তন্দ্রা রহমানের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে মালিক মোস্তাফিজুর রহমানের ভাগনে শরিফুল আলমকে হত্যা করে একদল ভাড়াটে সন্ত্রাসী। ওই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন বগুড়া শহরের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যা মামলার আসামি রাফিদ আনাম। রাফিদ আনাম ২০১৯ সালের ১৮ এপ্রিল রাতে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে নিহত হন। হামিদুল ছিলেন ক্রসফায়ারে নিহত সন্ত্রাসী রাফিদের ঘনিষ্ঠ সহযোগী।