পলাতক আসামিদের নামে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিশু শেখ সামিউল আলম ওরফে রাজন (১৪) হত্যা মামলার পলাতক তিন আসামিকে সাত দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার কথা উল্লেখ করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক সাহেদুল করিম গতকাল সোমবার এ নির্দেশ দেন। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকে দিন গণনা শুরু হবে।
পলাতক আসামিরা হলেন কামরুল ইসলাম, তাঁর ভাই শামীম আহমদ ও জাকির হোসেন ওরফে পাভেল।
আদালত সূত্র জানায়, সিলেটের মহানগর হাকিম আদালতের বেঞ্চ সহকারী আবদুল লতিফ আহাম্মদ আলী বিজ্ঞপ্তি প্রকাশের জন্য গতকাল দুটি জাতীয় পত্রিকার সম্পাদক বরাবর চিঠি ইস্যু করেছেন। ৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
সিলেটের বাদেয়ালি গ্রামের শিশু সামিউলকে চুরির অপবাদ দিয়ে গত ৮ জুলাই পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়। হত্যাকারীরা নিজেরাই নির্যাতনের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিলে তা সারা দেশে আলোচিত হয়ে ওঠে। এ ঘটনায় জালালাবাদ থানার এসআই আমিনুল ইসলাম মামলা করেন। এরপর এলাকাবাসী একে একে আটজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশও চারজনকে গ্রেপ্তার করে। কিন্তু ঘটনার অভিযুক্ত মূল হোতা সদর উপজেলার শেখপাড়ার কামরুল, তাঁর ভাই শামীম ও একই এলাকার জাকির পালিয়ে যান। তবে কামরুল সৌদি আরবে পালিয়ে গেলে সেখানকার বাংলাদেশি প্রবাসীরা তাঁকে আটক করে সেই দেশের পুলিশের কাছে সোপর্দ করেন।