পলাতক আসামিদের হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাৎ এবং অবৈধভাবে অর্থ পাচারের অভিযোগে ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে করা পৃথক দুটি মামলায় পলাতক ৪৬ আসামিকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক এই আদেশ দেন।
গত ১১ জুন অভিযোগপত্রভুক্ত এই ৪৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। এর পরও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে না পারায় এবং আসামিরাও আত্মসমর্পণ না করায় আদালত গতকাল এই আদেশ দিয়েছেন।
আদালত সূত্র জানায়, মামলা দুটিতে জামিনে থাকা ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) এম হারুন-অর-রশিদ গতকাল আদালতে হাজির হননি। তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। তবে এ মামলায় কারাগারে থাকা আসামি ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন, পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলম ও শফিউল ইসলামকে গতকাল আদালতে হাজির করা হয়।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মীর আবদুস সালাম জানান, মামলা দুটিতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ-সংক্রান্ত প্রতিবেদন দাখিল করার পর অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করা হবে। আদালত পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ নভেম্বর দিন ধার্য করেছেন।
২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা মামলা দুটিতে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ও ডেসটিনি ট্রি প্ল্যান্টেশনের ১২ জনকে আসামি করা হয়। গত ৪ মে প্রতারণার মাধ্যমে চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ এক হাজার ১৮২ টাকা আত্মসাৎ করে তা পাচার করার অভিযোগে ডেসটিনির ৫১ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।