পলাতক আসামির ট্রাইব্যুনালে আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার পলাতক এক আসামি গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। তিনি হলেন ময়মনসিংহের আবদুস সাত্তার।
আবদুস সাত্তার গতকাল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চান। শুনানি নিয়ে বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাত্তারের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোজাম্মেল হক ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন। পরে রেজিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া পলাতক কোনো আসামির আত্মসমর্পণের ঘটনা এটিই প্রথম। তিনি বলেন, ওই মামলায় আট আসামির বিরুদ্ধে হত্যা, গণহত্যা ও আটকে রেখে নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগ রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাংসদ এম এ হান্নান, তাঁর ছেলে মো. রফিক সাজ্জাদ, ডা. খন্দকার গোলাম ছাব্বির আহমাদ, মিজানুর রহমান ও মো. হরমুজ আলী কারাগারে আছেন। সাত্তারের আত্মসমর্পণের পর মো. ফখরুজ্জামান ও খন্দকার গোলাম রব্বানী পলাতক রয়েছেন।
আইনজীবী সূত্র বলেছে, ২০১৫ সালের ১৯ মে ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন একটি মামলা করেন। ময়মনসিংহের আদালত আরজিটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ওই বছরের ২৮ জুলাই তদন্ত শুরু করে। ওই বছরের ১ অক্টোবর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। সেদিন সাংসদ হান্নান ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে গত বছরের ১১ জুলাই রাষ্ট্রপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল তা আমলে নেন। এ মামলায় ১৮ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে।