পলাতক আসামির বিরল সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম আবদুস শুক্কুর ওরফে ইয়াবা সুকুর, পিতা-মৃত এজাহার আলী কোম্পানি, গ্রাম-অলিয়াবাদ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ইয়াবা ব্যবসায় অর্থলগ্নিকারী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মাদক ব্যবসায়ীদের তালিকায় এভাবেই উল্লেখ আছে দেশের শীর্ষস্থানীয় ইয়াবা ব্যবসায়ী আবদুস শুক্কুরের পরিচয়। টেকনাফ থানা পুলিশের খাতায় তিনি ইয়াবা পাচার মামলার পলাতক আসামি।
এই শুক্কুর এবার বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হয়ে মিয়ানমারে যাচ্ছেন সীমান্ত বাণিজ্য বিষয়ে বৈঠক করতে। ২৪ জানুয়ারি মিয়ানমারের মংডুতে এ বৈঠক হওয়ার কথা। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হোসেন এই দলের প্রধান।
শুক্কুরের আরেকটি পরিচয়, তিনি টেকনাফের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই। একই সঙ্গে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) সম্মাননাধারীও তিনি।
ইয়াবা ব্যবসায়ী, পলাতক আসামি কী করে সরকারি প্রতিনিধিদলের সদস্য হলেন? জবাবে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ তালিকাটি আমি করিনি, অনেক আগে বাণিজ্য মন্ত্রণালয় করেছিল। আমরা সেটা অনুসরণ করেছি। তা ছাড়া আমি আগে থেকে শুক্কুর সম্পর্কে কিছু জানতাম না। পরে শুনেছি।’
কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বাণিজ্য নিয়ে যেসব সমস্যা আছে, তা দূর করতে দুই দেশের একটি যৌথ প্রতিনিধিদল আছে। দলটি উদ্ভূত সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে সুপারিশ করে। ২৪ জানুয়ারি এ দলের অষ্টম বৈঠক হওয়ার কথা মংডুতে। এ জন্য ১২ জানুয়ারি প্রস্তুতিমূলক বৈঠক হয় জেলা প্রশাসনের কার্যালয়ে।
প্রস্তুতি সভায় অংশ নেওয়া একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওই সভায় গিয়ে তিনি দেখেন কক্সবাজারের শীর্ষ ইয়াবা ব্যবসায়ী আবদুস শুক্কুরের নামও তালিকায় আছে। এর আগের তালিকাতেও তাঁর নাম ছিল। কিন্তু তিনি যাননি।
পুলিশ সূত্র জানায়, শুধু শুক্কুর নন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে সাংসদ আবদুর রহমানের আরও চার ভাই আবদুল আমিন, মোহাম্মদ ফয়সাল, শফিকুল ইসলাম, মৌলভী মুজিবুর রহমানের নামও আছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর-সংলগ্ন এলাকা দিয়ে পাচারের সময় গত ১০ ডিসেম্বর বিজিবির সদস্যরা প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ এক লাখ ৫০ হাজার ইয়াবা বড়ির চালান আটক করেন। এটি ছিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় ইয়াবা চালান আটকের ঘটনা। এ ঘটনায় টেকনাফ পৌরসভার কায়ুক-খালিয়াপাড়ার নূর হোসেনের ছেলে সাজ্জাদ হোসাইন (২৫) ও দমদমিয়া এলাকার হোসেন আহমদের ছেলে মো. জাবেরকে (১৮) আটক করে বিজিবি। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই আবদুস শুক্কুর মিয়ানমার থেকে এই ইয়াবার চালান টেকনাফে নিয়ে আসেন। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজিবির করা মামলায় তাঁকে প্রধান আসামি করা হয়।
ওই কর্মকর্তা বলেন, কক্সবাজারের শীর্ষ ১০ ইয়াবা ব্যবসায়ীর অন্যতম হলেন শুক্কুর। র‌্যাব, বিজিবি ও জেলা পুলিশের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী তিনি। কিন্তু তাঁর নামে মামলা আছে মাত্র একটি। এর আগে তাঁর নামে আসা ইয়াবার চালান আটক করা হলেও তাঁকে আসামি করা হয়নি। টেকনাফে তাঁর রয়েছে কাঠের ব্যবসা। কাঠের গুঁড়ির ভেতরে করেই আসে ইয়াবার চালান। সর্বশেষ ধরা পড়া চালানটিও সেভাবেই এসেছে।
আবদুস শুক্কুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ভাইয়ের ইয়াবা ব্যবসা সম্পর্কে জানতে চাইলে সাংসদ বদি বলেন, ‘ইয়াবা চালান ধরার সময় আমার ছোট ভাই ঘটনাস্থলে ছিল না। কেউ তার নাম বলেছে।’ তিনি বলেন, নাম বললেই তো আর কেউ দোষী হবে না। আগে আদালতে প্রমাণ হোক। মামলার আসামি হওয়ার পরও সরকারি প্রতিনিধিদলের তালিকায় নাম থাকার ব্যাপারে তিনি বলেন, ‘নাম থেকে লাভ কী। তার নামে মামলা আছে, সে তো আর যেতে পারবে না।’
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ প্রথম আলোকে বলেন, শুক্কুর ইয়াবা মামলার পলাতক আসামি। এক-দেড় বছর ধরে তিনি প্রকাশ্যে আসেন না। মাঝেমধ্যে রাতের বেলা বের হন। এবার নির্বাচনের সময় এসেছিলেন বলে শোনা গেছে।