পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলায় চার আসামির মধ্যে পলাতক জেলা ওলামা লীগের প্রচার সম্পাদক মাহি হোসেন ওরফে মাসুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সম্পত্তি জব্দ (ক্রোক) করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুর রশিদ এ নির্দেশ দেন।
এদিকে রাজন হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে গতকাল আদালতপাড়া ছিল লোকে লোকারণ্য। রায় ঘোষণার পর যখন সাধারণ মানুষ উল্লসিত হয়ে ‘ফাঁসি ফাঁসি...’ বলে মিছিল করছিল, মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে তখন শিশু সাঈদের বাবা মতিন মিয়া দাঁড়িয়েছিলেন নির্বাক। প্রথম আলোকে তিনি বলেন, ‘রাজন হত্যার চার মাস আগে ঘটে আমার শিশুসন্তান সাঈদ হত্যাকাণ্ড। রাজনের পরিবার বিচার পেয়েছে দেখে আনন্দ লাগছে। কিন্তু নিজের সন্তানের বিচার-প্রক্রিয়া শুরু হতেই আট মাস লেগে গেল। আমার তো ভিডিও নাই, আমি কি দ্রুত বিচার পাব?’
গত ১১ মার্চ রায়নগর থেকে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের কুমারপাড়ার ভাড়া বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। আবু সাঈদ রায়নগর শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল এবং দর্জিবন্দ এলাকার মতিন মিয়ার ছেলে। তাঁদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খাসিলা গ্রামে।
মামলার পরবর্তী তারিখ ১৬ নভেম্বর নির্ধারণ করেছেন আদালত।
আদালত সূত্র জানায়, শিশু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষে গত ২৩ সেপ্টেম্বর মহানগর হাকিম আদালতে সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসাইন অভিযোগপত্র দাখিল করেছিলেন। অভিযোগপত্রে সাঈদকে অপহরণ ও হত্যার অভিযোগে মহানগর পুলিশের বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্ত) এবাদুর রহমান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ‘সোর্স’ গেদা মিয়া ওরফে আতাউর রহমান, জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক এন ইসলাম ওরফে রাকিব ও প্রচার সম্পাদক মাহি হোসেন ওরফে মাসুমকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে মাসুম পলাতক, বাকি চারজন কারাবন্দী।
এবাদুরসহ তিন আসামি গ্রেপ্তারের পর আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।