চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার পলাতক এক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। পলাতক আসামির নাম জাহিদুল ইসলাম ওরফে শাওন। পরে আদালত আগামী বুধবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইয়ুব খান প্রথম আলোকে জানান, মামলার কার্যক্রমের ওপর উচ্চ আদালতে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর গতকাল রোববার আসামিদের আদালতে উপস্থিতির দিন ধার্য ছিল। জামিনে থাকা আসামি জাহিদুল ইসলাম পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার পাঁচ আসামির মধ্যে তিনজন পলাতক রয়েছেন।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এঁদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি, জাহিদুল ইসলাম ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন। মামলায় মোট ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।