পলাতক খুনিদের দেশে এনে রায় কার্যকর করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিরা যেখানেই থাকুক না কেন তাঁদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলাদেশের মাটিতে হবেই। গতকাল শনিবার গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হওয়ার মধ্য দিয়ে জাতি অভিশাপমুক্ত হয়েছে। তিনি বলেন, জেল হত্যা, ২১ আগস্ট হত্যা, বিডিআর সদর দপ্তরে হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার হবেই। অপরাধীরা কেউই রেহাই পাবে না। প্রধানমন্ত্রী বলেন, বাংলার মাটিতে সন্ত্রাসী, জঙ্গিবাদীদের কোনো স্থান নেই। ‘আমরা সব সময় সত্য ও ন্যায়ের পথে আছি। বাংলাদেশকে আমরা দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ।’প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে বর্ধিত সভার উদ্বোধন করেন। পরে তাঁরা মঞ্চে রক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে গণসংগীত পরিবেশন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা। শোক প্রস্তাব উত্থাপন করেন দপ্তর সম্পাদক ও পূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। পরে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকর হওয়ায় শোকরানা আদায় করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান।তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের ১০ হাজার নেতা-কর্মী বর্ধিত সভায় যোগ দেন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভায় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।শেখ হাসিনা কোটালীপাড়ায় বোমা পুঁতে রাখা, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও চট্টগ্রাম হত্যাকাণ্ডসহ তাঁর ওপর বিভিন্ন হামলার কথা উল্লেখ করে বলেন, ‘বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। তারপরও যখন বেঁচে গেছি, তখন মনে হয়েছে আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছেন কোনো ভালো কাজ করানোর জন্য।’প্রধানমন্ত্রী তাঁর সরকারের এক বছরের বিভিন্ন সফলতা এবং কর্মকাণ্ড তুলে ধরে বলেন, ‘আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। মাত্র ৫০ দিনের মাথায় সরকার উত্খাতের জন্য পিলখানায় বিডিআরের সদর দপ্তরে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটিয়ে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয়, যাদের মধ্যে ৩০ জনই আওয়ামী লীগ পরিবারের সদস্য।’শেখ হাসিনা বলেন, সে দিন বিডিআর সদর দপ্তরে যে এ ধরনের ঘটনা ঘটবে কেউ কি তা জানত? অথচ বিরোধীদলীয় নেতার বড় পুত্র ঘটনার আগে বিদেশে থেকে তাঁর মাকে ক্যান্টনমেন্ট ছেড়ে যেতে বলেছিলেন। তিন দিন পর্যন্ত বেগম জিয়া তাঁর ক্যান্টনমেন্টের বাসায় ছিলেন না। বিরোধীদলীয় নেতার পুত্র আগে থেকেই কীভাবে জানতে পারলেন সেটাই জাতির কাছে প্রশ্ন। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা, উপজেলাসহ তৃণমূল কর্মীরা দেশের সাংগঠনিক ও সার্বিক অবস্থা তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য, মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ দলের প্রায় ১০ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।