পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এই দাবিতে গতকাল রোববার ছাত্রলীগের নেতা-কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন। এ ছাড়া তাঁরা একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেন। গতকাল বেলা ১১টার দিকে কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মানববন্ধন হয়। মানববন্ধন শেষে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমানের নেতৃত্বে ২০ সদস্যের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত ছয়জন বিদেশে পলাতক আছেন। একই অপরাধে দণ্ডিত পাঁচ আসামির ফাঁসি হয়ে যাওয়ার দীর্ঘ ছয় বছর পরও তাঁদের দেশে ফিরিয়ে আনতে না পারায় সমগ্র জাতির মতো ছাত্রলীগ ক্ষুব্ধ ও দুঃখিত।

স্মারকলিপিতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জোরালো কূটনৈতিক তৎপরতা ও দক্ষতা প্রত্যাশা করা হয়।