পলাতক খুনিদের ফিরিয়ে আনার দাবি
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবির মধ্য দিয়ে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ৩৬তম বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ, প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, শোক র্যালি, মিলাদ মাহফিল, আলোচনা সভা, চিত্রাঙ্কন, কেরাত ও রচনা প্রতিযোগিতা। আমাদের আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর: খুলনা: খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মসিউর রহমান, জেলা জজ মো. সালাহউদ্দিন, প্যানেল মেয়র আজমল আহমেদ। আলোচনা শেষে যুবকদের মধ্যে ঋণ এবং শিশুদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।সকাল নয়টায় নগরের নিউমার্কেট চত্বর থেকে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে শোক র্যালি বের হয়ে বাংলাদেশ বেতারের খুলনা কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ফরিদপুর: সকাল আটটায় স্থানীয় অম্বিকা ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, পৌর মেয়র শেখ মাহাতাব আলী। এ ছাড়া জেলা আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের হয়। কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া মিলাদ মাহফিল, প্রার্থনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।পিরোজপুর: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোক র্যালি বের হয়। জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ এ কে এম এ আউয়াল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রুহুল আমিন। নড়াইল: সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে বের হয় শোক র্যালি। শোক র্যালিটি পুরোনো বাস টার্মিনাল এলাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফুল কবির। চুয়াডাঙ্গা: সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোক র্যালি বের হয়ে স্থানীয় টাউন হলে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক ভোলানাথ দের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। এ ছাড়া জেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন সকাল ১০টায় জয় বাংলার পাদদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু শিক্ষক-কর্মকর্তা সমন্বয় পরিষদ, ডিন কাউন্সিল, প্রভোস্ট কাউন্সিল, ছাত্রলীগ, সৃজনী বিদ্যানিকেতনসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র্যালি বের হয়। রাজবাড়ী: সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় পতাকা, দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। দলীয় কার্যালয়ের সামনে উন্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। পরে আলোচনা সভায় বক্তব্য দেন সাংসদ কাজী কেরামত আলী, শফিকুল আযম প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে তাঁদের ফাঁসি কার্যকর করার দাবি জানান। রাজশাহী: সকালে নগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহাজোটের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়।এ ছাড়া নগরে শোক র্যালি বের হয়। রাজশাহী শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক আবদুল হান্নানের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, সাংসদ জিনাতুন নেছা তালুকদার, বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, রাজশাহী রেঞ্জের ডিআইজি সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার এস এম রোকন উদ্দিন প্রমুখ।রংপুর: সকাল নয়টার দিকে শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার থেকে একটি শোক র্যালি বের হয়। এরপর টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশের বিভাগীয় উপমহাপরিদর্শক (ডিআইজি) বিনয় কৃষ্ণ বালা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বি এম এনামুল হক।পাবনা: সকাল সোয়া ১০টায় স্বাধীনতার স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনার পাদদেশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। পরে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র্যালি শহর ঘুরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে শোক সমাবেশে মিলিত হয়।পঞ্চগড়: জেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সকালে পঞ্চগড় সার্কিট হাউস চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। সেখান থেকে একটি শোকযাত্রা বের হয়। পরে স্থানীয় সরকারি মিলনায়তনে জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় সাংসদ মাজাহারুল হক প্রধান, ফরিদা আখতার, পুলিশ সুপার শাহারিয়ার রহমান প্রমুখ বক্তব্য দেন।নীলফামারী: সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।শিশু একাডেমী চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির আয়োজন করে।নাটোর: জেলা ছাত্রলীগ শহরে শোকযাত্রা বের করে। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতারা ফুল দেন। সিংড়া উপজেলায় স্থানীয় সাংসদ জুনায়েদ আহমেদ নেতা-কর্মীদের নিয়ে শোক দিবস উপলক্ষে উপজেলার ৩০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করেন।জয়পুরহাট: সকাল ১০টার দিকে শহরের কালেক্টরেট চত্বর থেকে প্রশাসনের উদ্যোগে শোক র্যালি বের হয়। শোভা র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। সেখানে আলোচনা সভায় জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি সামছুল ইসলাম প্রমুখ।জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।দিনাজপুর: সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি বের হয়। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলনসহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে কোরআনখানি ও ফাতেহা পাঠ করা হয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগসহ ক্যাম্পাসের বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন, শোক র্যালি, আলোচনা সভা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনা সভায় অংশ নেন উপাচার্য এম আবদুস সোবহান, সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্ প্রমুখ।সিলেট: দুপুর ১২টার দিকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মহাজোটের উদ্যোগে শোকসভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। জোহরের নামাজের পর হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হয়। বেলা তিনটায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল আলম প্রমুখ। এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমী, স্বাস্থ্য বিভাগীয় সমিতি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করে। শাহজালাল বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর স্বপ্ন: একটি অসমাপ্ত আখ্যান’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জায়েদা শারমিন। এর ওপর আলোচনা করেন লাইফ সায়েন্স অনুষদের ডিন ইয়াসমীন হক, গণিত বিভাগের অধ্যাপক রাশেদ তালুকদার, বাংলা বিভাগের প্রভাষক জফির উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান মুহম্মদ জাফর ইকবাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রধান আকতারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য মো. সালেহ উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এস এম সাইফুল ইসলাম।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: সকাল সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল হকের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ক্যাম্পাসে শোক র্যালি বের হয়। পরে বঙ্গবন্ধুর স্মরণে আলোচনা সভা এবং বিশ্ববিদ্যালয়ের মসজিদ, মন্দির-উপাসনালয়ে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর সঙ্গে সেদিন যাঁরা শহীদ হয়েছিলেন, তাঁদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও প্রার্থনা হয়।কুমিল্লা: কুমিল্লা টাউন হলে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনকর্ম নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. নাছিরউদ্দিন আহমেদ, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান মো. আবদুর রউফ, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী প্রমুখ। সন্ধ্যায় কুমিল্লা জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে নগরের রামঘাট দলীয় কার্যালয়ে ইফতারি বিতরণ করা হয়। টাঙ্গাইল: জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহরে শোক র্যালি বের হয়। স্থানীয় ভাসানী হলে জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান প্রমুখ। সুনামগঞ্জ: শহরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন সাংসদ মতিউর রহমান ও মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এ ছাড়া জেলা আওয়ামী লীগ শহরের একটি কমিউনিটি সেন্টারে এবং দলের দুটি অংশ পৃথকভাবে উকিলপাড়া ও পৌরচত্বরে আলোচনা সভা করে।মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে হয় আলোচনা সভা। শেষে শিশু-কিশোরদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে ছিল মিলাদ মাহফিল। মৌলভীবাজার সরকারি কলেজের উদ্যোগে শিক্ষক পরিষদ মিলনায়তনেও হয় সভা ও দোয়া মাহফিল। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।