
পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার অঙ্গীকারের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় গতকাল মঙ্গলবার সারা দেশে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
দেশবাসী মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম বর্বরোচিত এই কালো অধ্যায়টিকে স্মরণ করেছে।
গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দলীয় কর্মসূচি শুরু হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নেতাদের স্মরণে তিনি গতকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের পুত্র জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং কন্যা ডা. সৈয়দা জাকিয়া ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রেলমন্ত্রী মুজিবুল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর হত্যাকারীরা ১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোররাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জোরপূর্বক প্রবেশ করে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করেছিল।

সকাল ৭টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদ ও জাতীয় তিন নেতার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এখানে পবিত্র ফাতিহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় চার নেতার মধ্যে এ এইচ এম কামারুজ্জামানকে রাজশাহীর কাদিরগঞ্জে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দিবসটি উপলক্ষে সেখানেও অনুরূপ কর্মসূচি পালন করেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।
সকাল সাড়ে নয়টায় আওয়ামী লীগ, শহীদ পরিবার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিচার কার্যকর করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের আমলেই জাতীয় চার নেতার সাজাপ্রাপ্ত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। এ ব্যাপারে সরকার আন্তরিক। এর মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে।
গতকাল ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।