আলোকচিত্রী সাংবাদিক আফতাব আহমেদের নির্মম হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক তাঁর গাড়িচালক মো. কবির। তাই এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে সন্দেহে কবিরকে প্রধান আসামি করে আজ বৃহস্পতিবার রামপুরা থানায় মামলা করেছেন আফতাব আহমেদের ছেলে মনোয়ার আহমেদ। এ মামলায় অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।
মো. কবির ১ ডিসেম্বর আফতাব আহমেদের গাড়িচালকের চাকরি পান। এর আগে একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিকের গাড়িচালক ছিলেন মো. ওলি মিয়া। ওলি মিয়ার মাধ্যমেই গাড়িচালকের চাকরি পান কবির।
ওলি মিয়া জানান, অনুনয়বিনয় করে সাংবাদিক আফতাব আহমেদের গাড়িচালকের চাকরি নেন মো. কবির। গত নভেম্বরে ওলি মিয়ার কাছে ফোন করে আফতাব আহমেদের বাসায় চাকরির অনুরোধ করেছিলেন কবির—এমন তথ্য দিয়ে বিকেলে মুঠোফোনে ‘প্রথম আলো’কে ওলি মিয়া বলেন, ‘আড়াই বছর সাংবাদিক স্যারের গাড়ি চালাইছি। আমি যাবার পর ওবায়দুল নামে আরেকজন স্যারের গাড়ি চালায়। ওবায়দুল এবং আমার সঙ্গে কবিরের পরিচয় ছিল। ওবায়দুল চাকরি ছাড়ার পর কবির আফতাব স্যারের গাড়ি চালাইতে আমারে ফোন দেয়।’
ওলি মিয়া জানান, কবিরের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়। তবে গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আফতাব আহমেদের ছেলে মনোয়ার আহমেদ জানান, ভোটার পরিচয়পত্রে গাজীপুর ঠিকানা দেখিয়ে ১ ডিসেম্বর চাকরি নেন কবির।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গাজীপুরের ঠিকানাতেই গতকাল বুধবার রাতে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে কবিরকে পাওয়া যায়নি।
কবির ভুয়া ভোটার কার্ড তৈরি করেছেন, দাবি করে মনোয়ার আহমেদ বলেন, ‘পালানোর আগে কবির আফতাব আহমেদের বাসা থেকে আড়াই লাখ টাকা চুরি করেছে। আমার সন্দেহ, কবির এককভাবে এ ঘটনা ঘটায়নি। তার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে।’
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আফতাব আহমেদের সাবেক দুই গাড়িচালক ওলি, গৃহকর্মী নাসিমা ও তাঁর ছেলে নাজমুলকে গতকাল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পৌনে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গতকাল রাত ১০টার দিকে তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
পলাতক গাড়িচালক কবিরকে গ্রেপ্তার করা হলে আফতাব আহমেদ হত্যার কারণ বের হবে—এমন আশা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) উপকমিশনার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর। তিনি জানান, এখনো পর্যন্ত আফতাব আহমেদের সঙ্গে কারও কোনো ধরনের বিরোধের খবর পাওয়া যায়নি। তবে তাঁর পারিপার্শ্বিক সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে আজ বাদ জোহর প্রেসক্লাবে জানাজা শেষে আফতাব আহমেদের মরদেহ মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।
গতকাল দুপুরে রামপুরার বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় আফতাব আহমেদের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা ডিবির।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে আলোচিত অসংখ্য ছবি তুলেছিলেন আফতাব আহমেদ। তাঁর তোলা ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ইত্যাদি। তবে আফতাব আহমেদ সবচেয়ে বেশি আলোচিত ছিলেন ১৯৭৪ সালে দুর্ভিক্ষের সময় তোলা ‘জালপরা বাসন্তি’র ছবির কারণে। বাসন্তির সেই ছবি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
বিভিন্ন সরকারি-বেসরকারি চাকরি করার পর ১৯৬৪ সালে ‘দৈনিক ইত্তেফাক’-এ ফটোসাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। টানা কাজ করার পর ‘দৈনিক ইত্তেফাক’ থেকে ২০০৬ সালে স্বেচ্ছায় অবসর নেন তিনি। ওই বছরই একুশে পদক পান আফতাব আহমেদ।