মারধর করে শিশু গৃহকর্মী আকলিমা ওরফে স্বপ্নাকে (১০) হত্যার অভিযোগে গতকাল মঙ্গলবার পলাতক গৃহকর্তা আবদুর রশিদকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই অভিযোগে গৃহকর্ত্রী হোসনে আরা বেগমকে (৪৩) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২৩ ফেব্রুয়ারি রাতে তিনজন লোক আকলিমাকে গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ সময় তারা ভুল ঠিকানা ব্যবহার করে পালিয়ে যায়। পরের দিন ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে আকলিমা মারা যায়। পরে পুলিশ তদন্ত করে জানতে পারে, আকলিমা উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৭ নম্বর সড়কের ৪৯ নম্বর বাসার গৃহকর্মী ছিল। ২৫ ফেব্রুয়ারি পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে গৃহকর্ত্রী হোসনে আরা বেগমকে গ্রেপ্তার করলেও গৃহকর্তা আবদুর রশিদ ছিলেন পলাতক। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে টঙ্গী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া গৃহকর্তা ও গৃহকর্ত্রী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, ২৩ ফেব্রুয়ারি বালিশের কাভার পরিষ্কার না করায় আকলিমাকে বেদম প্রহার করা হয়। পরে সে অচেতন হয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তা ছাড়া আকলিমার ওপর বিভিন্ন সময় শারীরিক নির্যাতন চালানোর কথাও তাঁরা স্বীকার করেছেন।