বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক ঘাতকদের দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলানো হবে। পাঁচ ঘাতকের ফাঁসি কার্যকর হওয়ার পর গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়ে কয়েকজন মন্ত্রী এ কথা বলেছেন। গতকাল সকালে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী সাংবাদিকদের বলেন, বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর ঘাতকদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় দেশে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলিয়ে আদালতের রায় কার্যকর করা হবে।স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামও একই কথা বলেছেন। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লি উন্নয়ন (সিরডাপ) বিষয়ক মন্ত্রী পর্যায়ের সভা শেষে গতকাল দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বঙ্গবন্ধুর ঘাতকদের দূতাবাসে চাকরি দেওয়াসহ নানাভাবে পুনর্বাসনের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দায়ী করেন।আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বঙ্গবন্ধুর পলাতক ঘাতকেরা কে কোথায় আছেন সে তথ্যও সরকারের কাছে মোটামুটি রয়েছে। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কাজ করছে। তাঁদের ব্যাপারে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের ‘রেড এলার্ট’ জারি করা আছে।পাঁচ ঘাতকের ফাঁসি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই কার্যকর করা হয়েছে বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রত্যেককে সব ধরনের আইনি সুযোগ দিয়েই রায় কার্যকর করা হয়েছে। পলাতক ঘাতক নূর চৌধুরীকে ফিরিয়ে দিতে কানাডা সরকার সহায়তা করছে বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এখন এ ব্যাপারে কানাডা সরকারের একটি আইনি প্রক্রিয়া বাকি আছে। তিনি জানান, জাতীয় চার নেতা হত্যাকাণ্ড, ২১ আগস্টের গ্রেনেড হামলা ও কিবরিয়া হত্যাকাণ্ডের পুনর্তদন্ত শুরু হয়েছে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান গতকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক ঘাতকদের ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করা হবে। শিল্পমন্ত্রী ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, জাতি আজ কলঙ্কমুক্ত হলো। খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক বলেছেন, এই ফাঁসির ঘটনায় দেশ আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গেল। জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসির রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। সচিবালয়ে আনন্দ মিছিল: বঙ্গবন্ধুর পাঁচ ঘাতকের ফাঁসি কার্যকর হওয়ায় গতকাল সচিবালয়ে আলাদা দুটি আনন্দ মিছিল হয়েছে। দুটি মিছিলই হয়েছে সচিবালয়-সংযুক্ত কর্মচারী পরিষদের ব্যানারে। সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত প্রথম মিছিলটির নেতৃত্ব দেন মিলন-রুহুল আমিন। সাড়ে ১১টার দিকে দ্বিতীয় মিছিলটি অনুষ্ঠিত হয় আরজ আলীর নেতৃত্বে। আইনমন্ত্রীকে হুমকি: পাঁচ ঘাতকের ফাঁসির রায় কার্যকর হওয়ার ঘণ্টাখানেক আগে গত বুধবার দিবাগত রাত ১১টা পাঁচ মিনিটে সচিবালয়ে আইনমন্ত্রীর কার্যালয়ে পাঠানো একটি ফ্যাক্সবার্তায় মন্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে। বার্তায় মন্ত্রীকে উদ্দেশ করে বলা হয়েছে, “... আপনি শেখ মুজিবের হত্যাকাণ্ডের আসামিদের ফাঁসির আদেশ কার্যকর করবেন না। করিলে আপনাকে ইহার জন্য চরম মূল্য দিতে হবে।