রাজশাহীর বাগমারার তাহেরপুর বাজারে হামলা চালিয়ে পুলিশ হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলার পলাতক চারজন আসামির বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। গত বুধবার এই নির্দেশ দেওয়া হয়। বাগমারা থানা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২ মে চরমপন্থীরা বাগমারার তাহেরপুর বাজারে টহলরত পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশের এক সদস্যকে হত্যা করে এবং পুলিশের কাছ থেকে পাঁচটি রাইফেল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই তাহেরপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাসিরুল ইসলাম অজ্ঞাতনামা চরমপন্থীদের আসামি করে বাগমারা থানায় মামলা করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ১১ জন চরমপন্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এদের মধ্যে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করলেও তারা আদালত থেকে জামিন নিয়ে বাইরে আছে।বাগমারা থানার ওসি হারুন অর রশিদ জানান, আসামিরা সবাই চরমপন্থী দল, পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল লালপতাকা) তালিকাভুক্ত সদস্য। দীর্ঘদিন ধরে তারা পলাতক রয়েছে।