পলাতক চার সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে-বিদেশে কর্মস্থল থেকে পলাতক বাংলাদেশ সেনাবাহিনীর ছয় কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে দেশের বিভিন্ন সেনানিবাস থেকে পলাতক চারজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাঁরা হলেন: মেজর সৈয়দ মো. জিয়াউল হক, মেজর জুনায়েদ আফরিন বখ্ত, ক্যাপ্টেন আবুল ফজল মোহাম্মদ আহসান উদ্দিন ও ক্যাপ্টেন আহমেদ মোক্তাদীর।এই চার সেনা কর্মকর্তা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ৩ জুলাই সশস্ত্র বাহিনী বিভাগের চিঠি পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয় থেকে ২৬ জুলাই পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের সাবেক সামরিক অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী ও কুয়েতে কর্মস্থল থেকে পলাতক ক্যাপ্টেন মোহাম্মদ আমানুল্লাহ শেখকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বলা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে পলাতক ফজলুল বারীর ব্যাপারে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে। আর আমানুল্লাহ শেখকে পলাতক ঘোষণা করাসহ আনুষঙ্গিক কার্যক্রম সম্পন্ন করতে সেনাসদরের ওভারসিস অপারেশন্স পরিদপ্তরের সঙ্গে ‘পত্রালাপ’ হয়েছে বলে সশস্ত্র বাহিনী বিভাগের চিঠিতে উল্লেখ রয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সি কিউ কে মুশতাক আহমেদ বলেন, এসব সেনা কর্মকর্তা রাষ্ট্রকে না জানিয়ে আত্মগোপন করেছেন। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।ব্রিগেডিয়ার ফজলুল বারী বিগত বিএনপি সরকার ও তারপর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ডিজিএফআইয়ের ফোর্সেস কাউন্টার ইন্টেলিজেন্ট ব্যুরোর (এফসিআইবি) পরিচালক ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তাঁকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সামরিক অ্যাটাশে করে পাঠানো হয়। ২০০৯ সালের এপ্রিল মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে দেশে ফিরে আসতে বলা হলেও দেশে ফেরেননি তিনি। সরকারি নথি অনুযায়ী, ফজলুল বারী ২০০৯ সালের ১৭ মে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস থেকে আত্মগোপন করেন। এরপর সেনাবাহিনী থেকে তাঁকে ‘ছুটি ছাড়া অনুপস্থিত’(এডব্লিউএল) ঘোষণা করা হয়। অপর কর্মকর্তা ক্যাপ্টেন আমানুল্লাহ শেখ গত বছরের ১০ সেপ্টেম্বর কুয়েত থেকে পালিয়ে যান বলে সশস্ত্র বাহিনী বিভাগের চিঠিতে বলা হয়। দেশে পলাতক চারজন: ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর সৈয়দ মো. জিয়াউল হক গত বছরের ২৪ ডিসেম্বর মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। গত ১৯ জানুয়ারি সেনাসদরের এক সংবাদ সম্মেলনে বলা হয়, এ বিষয়টি জানার পর কর্তৃপক্ষ মেজর জিয়াউল হকের ছুটি ও বদলি আদেশ বাতিল করে তাঁকে ঢাকার লগ এরিয়া সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেয়। এরপর তিনি আত্মগোপন করেন এবং ২৩ ডিসেম্বর সেনাবাহিনীর বিরুদ্ধে নাশকতামূলক কার্যক্রম চালানোর পাঁয়তারা করেন। এ ঘটনার পর মেজর জিয়াউল হকের ছবিসহ বিস্তারিত বিবরণ দেশের সব স্থল ও বিমানবন্দরে পাঠানো হয়।বাকিদের মধ্যে মেজর জুনায়েদ আফরিন বখ্ত গত বছরের ২৪ মে সিলেটের জালালাবাদ সেনানিবাস থেকে, ক্যাপ্টেন আবুল ফজল গত বছরের ১১ মে দিনাজপুরের খোলাহাটি সেনানিবাস থেকে ও একই বছরের ২৭ অক্টোবর টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে ক্যাপ্টেন আহমেদ মোক্তাদীর পালিয়ে যান।