বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম পুলিশের খাতায় পলাতক। পুলিশ খুঁজে না পেলেও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চেয়ারম্যানকে ঠিকই খুঁজে পাচ্ছে। বিদায়ী অর্থবছরে ইউএনওর কার্যালয় থেকে পাঠানো বিভিন্ন নথিতে নিয়মিত স্বাক্ষর করেছেন তিনি। সর্বশেষ তিনি ৩০ জুন বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিভিন্ন প্রকল্পের সারসংক্ষেপে স্বাক্ষর করেন।
জানতে চাইলে ইউএনও অভিজিৎ রায় প্রথম আলোকে বলেন, ‘চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এটা শুনেছি। তবে তিনি পলাতক িক না জানি না।’ তিনি আরও বলেন, ‘অর্থবছরের শেষে বেশ কিছু সরকারি বিলের নথিতে উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর দরকার হয়। আমার কার্যালয় থেকে বিলের সারসংক্ষেপ চেয়ারম্যানের কার্যালয়ে পাঠানো হয়েছিল। চেয়ারম্যানের স্বাক্ষরসহ সেসব নথি ফেরত এসেছে। তিনি পলাতক থাকলে নথিতে কীভাবে স্বাক্ষর নেওয়া সম্ভব হলো, সেটা তাঁর কার্যালয়ের লোকজনই বলতে পারবেন।’
তবে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের অফিস সহকারী আবদুল মালেক দাবি করেন, ‘চেয়ারম্যান ১৯ জুনের পর থেকে কার্যালয়ে অনুপস্থিত। এর পর থেকে চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য ইউএনওর কার্যালয় থেকে এখানে কোনো ফাইলপত্র পাঠানো হয়নি। তার পরও কীভাবে নথিপত্রে চেয়ারম্যানের স্বাক্ষর নেওয়া হলো, সেটা আমার জানা নেই।’
পুলিশ জানায়, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখা গেছে, এমন গুজব ছড়িয়ে ২০১৩ সালের ৩ মার্চ বগুড়া জেলাজুড়ে একযোগে ব্যাপক তাণ্ডব ও সহিংসতা চালানো হয়। ওই দিন নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলামের নেতৃত্ব উপজেলা পরিষদে হামলা ও গানপাউডার দিয়ে বিভিন্ন দপ্তর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। হামলা করা হয় থানায়। হামলা ও অগ্নিসংযোগ করা হয় তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা রেজাউল আশরাফের বাসভবনে। হামলা হয় উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বাড়িতেও।
এসব হামলার ঘটনায় নুরুল ইসলামকে প্রধান আসামি করে নন্দীগ্রাম থানায় চারটি মামলা হয়। মামলা করার পর গ্রেপ্তার এড়াতে নুরুল ইসলাম হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। জামিনে থাকা অবস্থায় গত ১৯ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন। চলতি বছরের ১ মার্চ তিনটি মামলায় পুলিশ উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ জামায়াত-শিবির ও বিএনপির ২৬৮ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অন্য একটি মামলায়ও অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্রে জামায়াত নেতা নুরুল ইসলামের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়। গত ১৯ জুন বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আহমেদ শাহরিয়ার তারিকের আদালতে হাজিরা না দেওয়ায় জামিন বাতিল করে নুরুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক। এরপর থেকে তিনি অফিস করছেন না।
বগুড়ার সরকারি কৌঁসুিল (পিপি) হেলালুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে কোনো আসামি সরকারি নথিতে স্বাক্ষর করতে পারেন না। যদি স্বাক্ষর করেই থাকেন, তবে অর্থ দাড়ায় তিনি তাঁর দপ্তরে বসে কাজ করছেন। আর সেটা করে থাকলে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ব্যাপারে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা অস্বাভাবিক কিছু নয়। এখন নন্দীগ্রাম প্রশাসন ও পুলিশকেই পরিষ্কার করতে হবে চেয়ারম্যান পলাতক, না দাপ্তরিক কাজ করছেন।
জানতে চাইলে বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, পরোয়ানা জারি করার পর থেকেই নুরুল ইসলামকে গ্রেপ্তার করতে থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) মাঠে নেমেছে। কিন্তু নিষ্ফল অভিযান থেকে ফেরত আসা পুলিশ সদস্যরা বলছেন তাঁকে খুঁজে পাচ্ছে না।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী বলেন, উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ২৩ জুন থানায় আসে। এর পর থেকে তাঁর সরকারি দপ্তর, বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় অভিযান চালানো হয়েছে। কিন্তু তিনি এলাকায় না থাকায় গ্রেপ্তার সম্ভব হয়নি।
মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে নুরুল ইসলাম মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি।