পলাতক জব্বারের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ইঞ্জিনিয়ার মো. আবদুল জব্বার
পিরোজপুরের ইঞ্জিনিয়ার মো. আবদুল জব্বার

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকা পলাতক আরেক আসামি পিরোজপুরের ইঞ্জিনিয়ার মো. আবদুল জব্বারের বিরুদ্ধে মামলার বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই বিচার শুরু করেছেন।
এ মামলায় আগামী ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। জাতীয় পার্টির সাবেক নেতা আবদুল জব্বার একাত্তরে মুসলিম লীগের নেতা ছিলেন।
আসামিকে পলাতক ঘোষণা করে এ নিয়ে দুটি ট্রাইব্যুনালে চতুর্থ মামলার বিচার হচ্ছে। এর আগে ট্রাইব্যুনাল-১ পলাতক ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা এম এ জাহিদ হোসেনের মামলার বিচার করেছেন। মামলাটির রায় অপেক্ষমাণ আছে। ট্রাইব্যুনাল-২ আসামি পলাতক থাকা দুটি মামলার বিচার করেছেন। এর একটির রায়ে জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অপর মামলায় একাত্তরে আলবদর নেতা পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে সম্পৃক্ততার দায়ে।
আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১০এ ধারা এবং কার্যপ্রণািল বিধিমালার ৩১ ও ৩২ বিধি অনুসারে ট্রাইব্যুনাল আসামিকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতে বিচার করতে পারেন। সে ক্ষেত্রে ট্রাইব্যুনাল পলাতক আসামির পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দেন। ২০১২ সালে ট্রাইব্যুনালস আইন সংশোধন করে আসামির অনুপস্থিতিতে বিচারের বিধান যুক্ত করা হয়।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল অভিযোগ গঠনের আদেশে বলেন, স্থানীয়ভাবে ‘জব্বার ইঞ্জিনিয়ার’ নামে পরিচিত আসামির জন্ম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেতাছিরা গ্রামে। ১৯৬৪ সালে তিনি মুসলিম লীগ থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশে ১৯৮৬ ও ১৯৮৮ সালে তিনি জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। একাত্তরে তিনি মঠবাড়িয়া শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তাঁর পরামর্শে মঠবাড়িয়ায় রাজাকার বাহিনী গঠিত হয়। মুক্তিযুদ্ধকালে মঠবাড়িয়ায় শান্তি কমিটি ও রাজাকাররা পাকিস্তানি সেনাদের সহযোগী বাহিনী হিসেবে কাজ করে এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটন করে।
জব্বারের বিরুদ্ধে পাঁচ অভিযোগ: অভিযোগ গঠনের আদেশে জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ পড়ে শোনান ট্রাইব্যুনাল। প্রথম অভিযোগে বলা হয়, একাত্তরের ১৬ মে বিকেলে জব্বারের নির্দেশ অনুসারে রাজাকাররা ফুলঝুড়ি গ্রামের আবদুর রাজ্জাক বিশ্বাস ও মোতালেবের বাড়িতে হামলা করে ও নির্বিচারে গুলি চালায়। গুলিবিদ্ধ রাজ্জাক তিন দিন পর মারা যান, মোতালেব গুরুতর আহত হন। একই দিন সন্ধ্যায় রাজাকাররা নাথপাড়া ও কুলুপাড়ার শতাধিক বাড়ি লুট ও অগ্নিসংযোগ করে।
দ্বিতীয় অভিযোগ অনুসারে, একাত্তরের ১৭ মে ৩০-৩৫ জন পাকিস্তানি সেনা ও ৪০-৪৫ জন সশস্ত্র রাজাকারকে নিয়ে জব্বার ফুলঝুড়ি গ্রামে হামলা চালান। তাঁর নির্দেশে রাজাকাররা সারদা কান্তি পাইককে গুলি করে হত্যা করে। এরপর পাকিস্তানি সেনা ও রাজাকাররা ওই গ্রামের প্রায় ৩৬০টি ঘরবাড়ি লুট করে ও আগুন ধরিয়ে দেয়। তৃতীয় অভিযোগে বলা হয়, একাত্তরের ২২ মে জব্বারের নেতৃত্বে রাজাকাররা মঠবাড়িয়ার নলীগ্রামে হামলা চালায়। জব্বার পিস্তল দিয়ে সুখনাথকে গুলি করে হত্যা করেন, তাঁর নির্দেশে সহযোগীরা ১১ জন হিন্দুধর্মাবলম্বীকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় জব্বারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে।
চতুর্থ অভিযোগ অনুসারে, একাত্তরের মে মাসের শেষ সপ্তাহে ফুলঝুড়ি গ্রামের প্রায় ২০০ হিন্দুকে ধর্মান্তরিত হতে বাধ্য করেন জব্বার। পঞ্চম অভিযোগে বলা হয়, একাত্তরের ৬ ও ৭ অক্টোবর জব্বারের পরিকল্পনায় ও নির্দেশে রাজাকাররা আঙ্গুলকাটা ও মঠবাড়িয়া থেকে ৩৭ জন হিন্দুধর্মাবলম্বীকে অপহরণ করে, যার মধ্যে ২২ জনকে পরে হত্যা করা হয়। বাকি ১৫ জন নির্যাতনের শিকার হন।
অভিযোগ পড়ে শোনানো শেষে ট্রাইব্যুনাল বলেন, উন্মুক্ত আদালতে অভিযোগ পড়ে শোনানো হলেও আসামি পলাতক থাকায় তিনি দোষী না নির্দোষ তা জানা সম্ভব হচ্ছে না। ৭ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য শুরু করবে।
ট্রাইব্যুনাল গত ১২ মে জব্বারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে গ্রেপ্তার করতে পারেনি। ৮ জুলাই তাঁকে পলাতক ঘোষণা করে মামলার কার্যক্রম শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই দিন সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসানকে রাষ্ট্রের খরচে জব্বারের পক্ষের (আসামিপক্ষ) আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে গতকাল অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের তদন্ত সংস্থা জানায়, ২০১০ সালে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকে আবদুল জব্বার আত্মগোপনে রয়েছেন। জব্বারের দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রপ্রবাসী। তদন্তে পাওয়া তথ্য অনুসারে, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে তাঁর মেয়ের কাছে আছেন।