পলাতক জব্বারের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির সাবেক নেতা পলাতক আবদুল জব্বারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল রোববার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী একাত্তরে মুক্তিযুদ্ধকালে আবদুল জব্বারের বিরুদ্ধে নানা ধরনের অপকর্মের বিবরণ দেন।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল প্রথমে জব্বারের বিরুদ্ধে সূচনা বক্তব্য (ওপেনিং স্টেটমেন্ট) উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জাহিদ ইমাম। এরপর জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী শোয়েবুর রহমান গুলদার (৭৭)। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামে। একাত্তরে তিনি লাহোরে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজে কমর্রত ছিলেন। ১৯৭১ সালের ২৯ ফেব্রুয়ারি তিনি ঢাকায় ফিরে এসে ৪ এপ্রিল তুষখালী গ্রামের বাড়ি যান। তুষখালীতে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠিত হলে তিনি ওই পরিষদের সংগঠক ও প্রশিক্ষক ছিলেন।
রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, ১৯৭১ সালের ১৬ মে বেলা ১১টার দিকে আবদুল জব্বার তুষখালী হাইস্কুল মাঠে সভা করেন। সভায় মঠবাড়িয়া থেকে উপস্থিত জামায়াতে ইসলামী ও শান্তি কমিটির বিভিন্ন স্তরের নেতার সামনে বক্তব্য দেন আবদুল জব্বার। সভা থেকে ফুলঝুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক বিশ্বাস ও মোতালেব শরীফকে জীবিত বা মৃত তাঁর সামনে হাজির করতে ইস্কান্দার মৃধাকে নির্দেশ দেন জব্বার। স্কুলের পেছনে একটি ঘর থেকে এই কার্যক্রম দেখেন তিনি (সাক্ষী)।
শোয়েবুর বলেন, নির্দেশ পেয়ে মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক ও মোতালেব শরীফকে ধরার জন্য রাজাকারদের নিয়ে ইস্কান্দার ফুলঝুড়ি গ্রামে যান। ওই দিন বিকেল চারটার দিকে তিনি (সাক্ষী) জানতে পারেন, ওই দুই মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। একাত্তরের ১৭ মে সকালে আবদুল জব্বার ৩০-৩৫ জন পাকিস্তানি সেনা নিয়ে ফুলঝুড়ি গ্রামে ঢোকেন। ওই সময় সারদা কান্ত পাইককে দৌড়াতে দেখলে জব্বার বলেন, ‘ওই মালাউন যায়, ওকে গুলি কর।’ পাকিস্তানি সেনারা সঙ্গে সঙ্গে গুলি করে সারদাকে হত্যা করে। পরে সেনা ও রাজাকাররা ওই গ্রামের ৩৬০টি ঘরবাড়ি লুট করে জ্বালিয়ে দেয়।
জবানবন্দি শেষে রাষ্ট্রপক্ষের এই সাক্ষীকে জেরা শুরু করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান। জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।