পলাতক জাহিদের বিরুদ্ধে মামলায় যুক্তি উপস্থাপন ৯ এপ্রিল থেকে
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ বুধবার রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তি উপস্থাপনের এ দিন ধার্য করা হয়।
আজ রাষ্ট্রপক্ষের ২৪তম ও শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তা সত্যরঞ্জন রায় জবানবন্দি শেষ করেন। পরে তাঁকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান। জাহিদ হোসেন পলাতক থাকায় তাঁর পক্ষে কোনো সাক্ষী (সাফাই সাক্ষী) নেই। এ অবস্থায় ট্রাইব্যুনাল যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। এর ফলে মুক্তিযুদ্ধকালে ফরিদপুরে ‘খোকন রাজাকার’ নামে বেশি পরিচিত জাহিদ হোসেনের মামলাটি কার্যক্রমের শেষ পর্যায়ে পৌঁছাল।
আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে (ইন অ্যাবসেনশিয়া ট্রায়াল) এটি ট্রাইব্যুনালের তৃতীয় মামলা। এর আগে ট্রাইব্যুনাল-২-এ দুটি মামলার আসামিরা পলাতক ছিলেন। একটি মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। অপর মামলায় একাত্তরে বুদ্ধিজীবী নিধনের দায়ে আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।