পলাতক জাহিদের ফাঁসির আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এ জাহিদ হোসেন
এম এ জাহিদ হোসেন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক এম এ জাহিদ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মুক্তিযুদ্ধকালে সংশ্লিষ্ট এলাকায় ‘খোকন রাজাকার’ নামে বেশি পরিচিত ছিলেন তিনি। 
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
ট্রাইব্যুনালে জাহিদের বিরুদ্ধে আনা ১১টির মধ্যে ১০টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৫, ৬, ৭, ৮, ৯ ও ১০ নম্বর অভিযোগের প্রতিটিতে তাঁকে ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। 
এ ছাড়া ট্রাইব্যুনাল-১ জাহিদকে ২ নম্বর অভিযোগে পাঁচ বছর, ৩ নম্বর অভিযোগে ১০ বছর, ৪ নম্বর অভিযোগে ২০ বছর এবং ১১ নম্বর অভিযোগে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন। 
১ নম্বর অভিযোগ প্রমাণিত হয়নি। এ কারণে এই অভিযোগটি থেকে জাহিদকে খালাস দেওয়া হয়েছে। 
গত ১৭ এপ্রিল এ মামলার কার্যক্রম শেষে রায় অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। ট্রাইব্যুনাল-১ গতকাল বুধবার মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য করেন। আজ বেলা ১১টায় শুরু করে দুপুর ১২টার মধ্যে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১।
রাষ্ট্রপক্ষ ও তদন্ত সংস্থা জানিয়েছে, নগরকান্দা পৌরসভার মেয়র হিসেবে শপথ নেওয়ার পরপরই দেশ ছেড়ে পালিয়ে যান জাহিদ। সর্বশেষ তথ্য অনুসারে, তিনি সুইডেনে আছেন।
এ নিয়ে আসামির অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের তৃতীয় কোনো মামলার রায় হলো। ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে প্রথম বিচার ও রায় হয় জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলায়। গত বছরের ২১ জানুয়ারি ট্রাইব্যুনাল-২ পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এরপর গত বছরের ৩ নভেম্বর একাত্তরের দুই আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে নিধনের দায়ে দণ্ডাদেশপ্রাপ্ত এই দুজন মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরপরই বিদেশে পালিয়ে যান।

ট্রাইব্যুনাল-১-এ আরও দুটি মামলা রায়ের অপেক্ষায় আছে। এর মধ্যে ২ জুন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মো. মোবারক হোসেনের মামলার কার্যক্রম শেষ হয়। আর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মামলার কার্যক্রম শেষ হয় ১৮ সেপ্টেম্বর।
ট্রাইব্যুনাল-২-এ রায়ের অপেক্ষায় রয়েছে একটি মামলা। ২০ আগস্ট এ ট্রাইব্যুনালে সাবেক কৃষি প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির নেতা সৈয়দ মো. কায়সারের মামলার কার্যক্রম শেষ হয়।

১১ অভিযোগ: গত বছরের ১৪ আগস্ট জাহিদ হোসেনকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতেই মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল-১। পরে ৯ অক্টোবর তাঁর বিরুদ্ধে একাত্তরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। অভিযোগ গঠনের আদেশে বলা হয়, জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকার একাত্তরের ২১ এপ্রিল থেকে ৩০ জুলাই পর্যন্ত নগরকান্দায় পাকিস্তানি সেনাদের সহযোগী হিসেবে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরিত করা, দেশান্তরে বাধ্য করা, অগ্নিসংযোগ প্রভৃতি মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। একাত্তরে ১৬ জন নারী-শিশুসহ ৫০ জন নিরস্ত্র গ্রামবাসীকে গুলি করে হত্যার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ঘরে আগুন দিয়ে তিনজনকে পুড়িয়ে হত্যা, দুজনকে ধর্ষণ, ১৭ জনকে আটক রেখে নির্যাতন, নয়জনকে ধর্মান্তরে বাধ্য করা, ১০ গ্রামের দুটি মন্দিরসহ অসংখ্য বাড়ি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সন্তানসহ সাতজনকে দেশত্যাগে বাধ্য করা প্রভৃতি।
গত বছরের ২১ নভেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তদন্তকারী কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৪ জন। আসামিপক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারেননি আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।