পলাতক, তবু প্রতিদ্বন্দ্বিতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী চারজন। কিন্তু নির্বাচনী মাঠে আছেন তিনজন। নির্বাচনী মাঠে অনুপস্থিত থাকা অন্যজন হলেন বিএনপির মেয়র প্রার্থী ফারুক আহম্মেদ। তিনি নাশকতার মামলায় পলাতক। ভোট চাইছেন মুঠোফোনে ও স্ত্রী মঞ্জরী মোর্শেদাকে দিয়ে। তারপরও আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গেই লড়াটা হবে তাঁর।
এই পৌরসভার চার মেয়র প্রার্থীর মধ্যে অন্য দুজন হচ্ছেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মতিন মোল্লা।
স্থানীয় বিএনপি নেতারা মনে করেন, পৌরসভার ভেতর দিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক নির্মিত হয়েছে। মহাসড়কের পূর্বপাশে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র আতাউর রহমান সরকারের বাড়ি। বিএনপি প্রার্থী ফারুক আহম্মেদের বাড়ি মহাসড়কের পশ্চিম পাশে। মহাসড়কের পশ্চিমে তুলনামূলকভাবে ভোটার বেশি। অন্য সবকিছু বাদ দিলেও এ আঞ্চলিকতার টানেও বিএনপি প্রার্থীর ভোটের পাল্লা ভারী হওয়ার কথা।
নাম প্রকাশ না করার শর্তে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এক ভোটার অভিযোগ করেন, ‘বর্তমান মেয়র আতাউর রহমান গত পৌরসভা নির্বাচনে দেওয়া কোনো নির্বাচনী প্রতিশ্রুতিই পূরণ করেননি। তাঁর আমলে নর্দমা ও রাস্তাঘাটের কোনো উন্নয়নই হয়নি। গত পাঁচ বছরে তিনি নিজেই নামে-বেনামে ঠিকাদারিতে ব্যস্ত ছিলেন। হাটবাজার ইজারা নিয়েছেন। এবার দেখেশুনে ভোট দেব।’
স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা একদিকে যেমন প্রার্থীকে নিয়ে আশাবাদী, অন্যদিকে তেমনি সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কার মধ্যেও রয়েছেন। তাঁদের অভিযোগ, এবারই প্রথম দলীয়ভাবে পৌরসভা নির্বাচন হচ্ছে। ক্ষমতাসীনদের প্রভাবে এই নির্বাচন নিরপেক্ষ না হওয়ার আশঙ্কা রয়েছে।
মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গত পৌর নির্বাচনে আমি সামান্য ভোটের ব্যবধানে দ্বিতীয় স্থানে ছিলাম। এবার জনসমর্থন আমার পক্ষে। কিন্তু আমাকে হয়রানিমূলক একাধিক মামলায় জড়ানো হয়েছে। তাই গ্রেপ্তারের ভয়ে নির্বাচনী মাঠে যেতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘মুঠোফোনে সমর্থকদের সঙ্গে যোগাযোগ করছি, ভোটারদের ভোট চাইছি।’ তিনি অভিযোগ করেন, ‘ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার দেখে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী দিশেহারা। তাই তাঁর ইন্ধনে আমার সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে। সাধারণ নেতা-কর্মীদের গ্রেপ্তার করে মামলায় জড়ানো হচ্ছে। এমনকি আমার নির্বাচনী কার্যালয়ে হামলা পর্যন্ত হয়েছে।’
তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান মেয়র আতাউর রহমান সরকার বলেন, ‘আমার কোনো সমর্থক বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা কিংবা কারও প্রচারণায় বাধা দেননি। আমি কখনো নিজে ঠিকাদারি কিংবা হাটবাজার ইজারা নিইনি। বরং গত পাঁচ বছরে পৌরসভার অনেক উন্নয়ন করেছি। তাই জনগণের সমর্থন আমার দিকেই। এ সবে ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’
এদিকে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সঙ্গে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদের দীর্ঘদিনের অন্তর্দ্বন্দ্ব ছিল। কিন্তু এখন সাংসদ নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। তাই সেই দ্বন্দ্ব দলীয় প্রার্থীর নির্বাচনে কোনো প্রভাব ফেলেনি। এমনকি সাংসদের হস্তক্ষেপে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ অবস্থায় নির্বাচনের মাত্র তিন দিন আগে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই মূল লড়াই হবে। তবে কে জয়ী হবেন, তা সময়ের ব্যাপার।