নারায়ণগঞ্জের চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে নৃশংস বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পলাতক তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালত যাবিদ হোসেন গতকাল রোববার বিকেলে শুনানি শেষে ২৯ অক্টোবরের মধ্যে তিনজনকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন।যাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাঁরা হলেন উবায়দুল্লাহ এবং ভারতের দিল্লি কারাগারে আটক দুই ভাই মোরছালিন ও মোত্তাকিম।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, চাষাঢ়া আওয়ামী লীগের অফিসে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়েছিল। এর মধ্যে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি বিস্ফোরক ও হত্যা মামলায় বিএনপির ৩১ জনকে অব্যাহতি দিয়ে ও ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ দুটি মামলার মধ্যে বিস্ফোরক আইনের মামলাটির অভিযোগপত্র আদালত গ্রহণ করে এরই মধ্যে বিচারিক কার্যক্রমের জন্য জজ আদালতে পাঠিয়েছেন।ওই মামলার অপর আসামি হরকাতুল জিহাদের নেতা মুফতি আবদুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের নেতা শাহাদাত উল্লাহ জুয়েল কারাগারে আটক রয়েছেন এবং জামিনে রয়েছেন অপর আসামি শওকত হাশেম শকু।২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগের অফিসে বোমা হামলায় ২০ জন নিহত হন। আহত হন শতাধিক। এই ঘটনায় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।