
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার পলাতক দুই আসামি কামরুল ইসলাম ও তাঁর ভাই শামীমের মালামাল জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার জালালাবাদ থানার কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় আসামিদের বাড়ি গিয়ে মালামাল জব্দ করে পুলিশ।
গত সোমবার রাজন (১৪) হত্যা মামলার অভিযোগপত্রের শুনানি শেষে সিলেট মহানগর হাকিম আদালতের (এমএম-১) বিচারক সাহেদুল করিম পলাতক তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং তাঁদের সম্পত্তি জব্দের নির্দেশ দেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন প্রথম আলোকে জানান, আদালতের আদেশ পাওয়ার পর পলাতক আসামি কামরুল ও শামীমের মালামাল জব্দ করা হয়। গতকাল বেলা দুইটার দিকে আসামিদের বাড়িতে গিয়ে কোনো মানুষজন পাওয়া যায়নি। গ্রামবাসীর উপস্থিতিতে আসামিদের বাড়ি থেকে একটি ফ্রিজ, একটি টেলিভিশন এবং খাট, সোফা, আলনাসহ কিছু আসবাব জব্দ করা হয়। দুটি ট্রাকে করে এসব মালামাল থানায় নেওয়া হয়। মালামালের মূল্য তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি।
গত ৮ জুলাই রাজনকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে কুমারগাঁও বাসস্ট্যান্ড-সংলগ্ন শেখপাড়ায় নির্যাতন করে হত্যা করা হয়। সিলেটের জালালাবাদ থানা এলাকার বাদেয়ালি গ্রামের বাসিন্দা শিশু রাজন সবজি বিক্রি করত। তার লাশ গুম করার সময় ধরা পড়ে একজন। এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত কামরুল ইসলাম পালিয়ে সৌদি আরব চলে গেলে প্রবাসী বাংলাদেশিরা তাঁকে ধরে পুলিশে দেন।
কামরুলের দেশ ছেড়ে পালানোয় ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে ২৭ জুলাই সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন, উপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও এসআই মো. জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
গতকাল সন্ধ্যা পর্যন্ত অন্য পলাতক আসামি পাভেলের বাড়ি থেকে মালামাল জব্দ করার কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, পাভেলের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। সেখানে সংশ্লিষ্ট থানার সহযোগিতায় পাভেলের মালামাল জব্দের প্রক্রিয়া চলছে।