পলাতক দুই জঙ্গিকে ধরতে নিষ্ফল অভিযান
পলাতক দুই জেএমবি নেতাকে গ্রেপ্তারে গতকাল শুক্রবার দিনভর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় চিরুনি অভিযান চালিয়েছেন শতাধিক পুলিশ সদস্য। তবে ওই অভিযান নিষ্ফল হয়েছে। এদিকে গ্রেপ্তার হওয়া গাড়িচালক জাকারিয়ার শ্বশুর সাব্বির আহামেঞ্চদকে গাজীপুর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে, নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পলাতক জঙ্গিরা ত্রিশাল হয়ে টাঙ্গাইলের সখীপুর এসেছেন। তাই ধারণা করা হয়েছিল, জঙ্গিরা সখীপুর উপজেলার সীমান্তবর্তী কালিয়াকৈরের বনবেষ্টিত এলাকা ফুলবাড়িয়া ইউনিয়নের কোথাও আত্মগোপন করে থাকতে পারেন। সেই ধারণা অনুযায়ী, গতকাল সকাল থেকে কালিয়াকৈর ও গাজীপুরের শতাধিক পুলিশ সদস্য ফুলবাড়িয়া এলাকার প্রতিটি বাড়ি ও ঝোপ-জঙ্গলে চিরুনি অভিযান শুরু করেন। অভিযান চলে রাত আটটা পর্যন্ত। তবে পুলিশ কাউকে খুঁজে পায়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, জঙ্গি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
এদিকে কালিয়াকৈরের চন্দ্রা থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি সদস্য ও গাড়িচালক জাকারিয়ার শ্বশুরকে গাজীপুর গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে তেমন তথ্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে গাজীপুর গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের জানান, জঙ্গি সদস্য জাকারিয়ার শ্বশুর হলেও জঙ্গিদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক থাকার তথ্য পাওয়া যায়নি।