পলাতক পাঁচ মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পাঁচ মামলায় পাঁচ মাদকবিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। সাজাপ্রাপ্তরা সবাই পলাতক।
মুখ্য মহানগর হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, এ বছরের ১৪ জানুয়ারি নগরের শুভপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শীমাম ওরফে বাবু নামের এক মাদক ব্যবসায়ীকে ২০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে সদরঘাট থানা পুলিশ। এ ঘটনায় মামলা হলে ১৯ ফেব্রুয়ারি পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত পলাতক শামীমকে নয় মাসের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।
আবিদ হোসেন জানান, গত বছরের ২২ সেপ্টেম্বর নগরের রাহাত্তারপুল এলাকায় ২০টি ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানার মাদক মামলায় নয়ন দাশ নামের আরেক মাদকবিক্রেতাকে নয় মাসের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত।
আদালত সূত্র জানায়, নগরের সাগরিকা এলাকায় ৪৮টি ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় পাহাড়তলী থানার মামলায় ইকবাল হোসেনকে ও নগরের আকবর শাহ থানা এলাকায় চার কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় ফাতেমা বেগমকে দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া ১৭ জুলাই পাঁচটি ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় আকবর শাহ থানার মামলায় মাবিয়া খাতুন নামের এক নারী বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।