কুড়িগ্রামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় পুলিশের দুই সদস্য গ্রেপ্তার হলেও পলাতক অপরজন এখনো গ্রেপ্তার হননি। গত শুক্রবার রাতে অপহূত এনজিও কর্মকর্তা মাইদুল ইসলাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুর রহমান মজুমদারের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
গতকাল শনিবার জেলা পুলিশের মাসিক সভায় পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ডু বলেন, পুলিশ সদস্যরা অপরাধে জড়িয়ে পড়লে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন করা হবে না।
মামলার বাদী কুড়িগ্রাম সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র লিটন বলেন, মাইদুলসহ পুরো পরিবার এখনো আতঙ্কের মধ্যে আছে। ঘটনার পর থেকে খাওয়া-দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন মাইদুল। কথাও কম বলছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল গফুর জানান, জবানবন্দি দেওয়ার পর রাতেই লিটনসহ কয়েকজন মাইদুলকে নিয়ে রৌমারী চলে যান।
ঘটনার পর থেকে তদন্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের কর্মকর্তারা এ বিষয়ে কথা বলতে রাজি হচ্ছেন না। শুক্রবার রাতে অপহূতের জবানবন্দি গ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে তাঁকে কথা বলতে দেওয়া হয়নি।