পলাতক বন্ধু শফিক আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে হোটেল অনুরাগ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান খুনের ঘটনায় পলাতক বন্ধু শফিককে আসামি করে মামলা হয়েছে। আতিকের বাবা হাজি মো. খুর্শিদ আলী বাদী হয়ে গত মঙ্গলবার রাতে মামলাটি করেন।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ জানান, রাত সাড়ে ১০টায় থানায় মামলাটি করার পরপরই তা নথিভুক্ত করে আসামি গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে পুলিশ।মামলায় হোটেল রেজিস্টারে উল্লিখিত শফিকের ঠিকানা দেওয়া হয়েছে। শফিক হোটেল রেজিস্টারে তাঁর বাড়ির ঠিকানা ঢাকার গণকটুলী লেন বলে উল্লেখ করেছিলেন। তবে এ ঠিকানা সঠিক কি না, মামলার আরজিতে সন্দেহ প্রকাশ করা হয়েছে। নিহত আতিকের সঙ্গে শফিকের বন্ধুত্বের সম্পর্কের কথা উল্লেখ করে বলা হয়, শফিক সিলেটে যাতায়াত করতেন এবং সিডি-ভিসিডি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। হত্যাকাণ্ডের পর আতিকের সঙ্গে থাকা মুঠোফোন ও মানিব্যাগ পাওয়া যায়নি। ঘটনার দিন রাত প্রায় একটার সময় শফিক মুঠোফোনে আতিকের চাচাশ্বশুরকে ফোন করে বন্ধু পরিচয় দেন এবং জানতে চান, আতিক মারা গেছে কি না। মামলায় এ বিষয়টি উল্লেখ করে আতিকের বাবা জানান, ঘটনার পর যোগাযোগ থেকে অনুমান হয়, হত্যাকাণ্ডটি পরিকল্পিত এবং শফিকের সঙ্গে কোনো চক্রের সংশ্লিষ্টতা রয়েছে।নগরের ধোপাদীঘির উত্তর পাড় এলাকায় অবস্থিত অভিজাত আবাসিক হোটেল অনুরাগের ৩২২ নম্বর কক্ষ থেকে গত সোমবার বিকেলে আতিকুর রহমানের লাশ উদ্ধার করা হয়। শরীরে রশি পেঁচিয়ে শ্বাস রোধ করে তাঁকে হত্যা করা হয়। হোটেলের ৩২২ নম্বর কক্ষ বরাদ্দ নেওয়া শফিক ঘটনার পর থেকে পলাতক।আজ দাফন: আতিকের যুক্তরাজ্যপ্রবাসী ভাই আখলাকুর রহমান গতকাল রাতে দেশে ফিরেছেন। তাঁর আসার অপেক্ষায় আতিকের মরদেহ শবাগারে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে নগরের মানিকপীরটিলা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে।